দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকের পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৪১
বিএনপির ডাকা হরতালের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের আজ মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুক্র বা শনিবার বন্ধের দিনে এই পরীক্ষা অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার তারিখ ও সময় দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) ও (www.nubd.info) প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে জানানো হয়েছে, আজকের তৃতীয় বর্ষের প্যাথলজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।