সারাদেশে আজ ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৫৫
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। রবিবারের অবরোধ কর্মসূচিতে ‘পুলিশ ও সরকারি দলের কর্মীদের হামলায় বিএনপি-জামায়াতের চার কর্মী নিহত, ৪৪৭ জনকে গ্রেফতার ও ছয় শতাধিক নেতা-কর্মীকে জখম করার’ প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে রবিবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ হরতালের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল কর্মসূচি ঘোষণা করেন। মহাজোট ক্ষমতায় আসার পর এটা বিএনপি-জামায়াত
জোটের ১৫তম হরতাল। এছাড়া রবিবারের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ সমাবেশে পালনেরও কর্মসূচি দেয়া হয়। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত ১৮ দলের পক্ষ থেকে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়। বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার তাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে অনুমতি দেয়নি। গতকাল সকাল থেকে সারাদিন নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দকে পুলিশ অবরুদ্ধ করে রাখে। বিএনপি কার্যালয়ের সামনে থেকে সকালের দিকে পুলিশ মত্স্যজীবী দলের সভাপতি মাহতাব সরকারসহ ১৫ জনকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে আজকের হরতালের সময় রাজধানীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভোর থেকে বিভিন্ন স্থানে ও সড়কগুলোতে র্যাব পুলিশের ১২ হাজার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কাজ পুলিশ হতে দেবে না। জননিরাপত্তার স্বার্থে পুলিশ পিকেটারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পিছপা হবে না।