রাজধানীতে পুলিশের ভ্যানসহ ৯ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতালের আগের রাতে রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, গ্রিনরোড, উত্তরার হাউজিং, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, আজমপুর, টঙ্গী মোড়, মিরপুর চিড়িয়াখানা, সোনারগাঁও জনপদ মোড় এলাকায় ৯টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সবুজবাগে দুর্বৃত্তরা পুলিশের একটি পিকআপ ভ্যান জ্বালিয়ে দিয়েছে। এছাড়া কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। উত্তরা (পশ্চিম) থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে জনপথ মোড়ে ২টি বাস থেমে ছিল। হঠাত্ কয়েকজন দুর্বৃত্ত এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরই মধ্যে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপর বাসটির আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে রাজউক কলেজের সামনে দুর্বৃত্তরা একটি ট্যাক্সি ক্যাবে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া উত্তরা পশ্চিম থানার পাশে থেমে থাকা একটি প্রাইভেটকারে রাত পৌনে ৯ টার দিকে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দিয়েছে। মতিঝিল থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কমলাপুর এজিবি কলোনি এলাকায় একটি প্রাইভেটকারে কে বা কারা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাত্ক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি। এদিকে প্রায় একই সময়ে গ্রিনরোড-পান্থপথ ক্রসিংয়ে অন্য একটি প্রাইভেটকারে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। কলাবাগান থানার ওসি এনামুল জানান, সন্ধ্যার পর কে বা কারা হঠাত্ একটি চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হরতাল সমর্থকরা রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকায় নাভানা হিউম্যান হলারে অগ্নিসংযোগ ও ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী আতোয়ার রহমান জানান, সন্ধ্যায় দুজন যুবক মোটরসাইকেলে করে এসে গাড়িটির কাছে থামে এবং আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এসময় লোকজন তাদেরকে ধাওয়া করলে ১০টির মতো ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গতকাল বিকালে দুর্বৃত্তরা একটি গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ সেখান থেকে অন্তত ৫৩ জনকে আটক করে। গাজীপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন :গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল সোমবার রাতে গাজীপুর শহরের শিববাড়ি বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি দোতলা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়। পুলিশ জানায়, গাজীপুর-ঢাকা রুটের বাসটি সন্ধ্যায় শহরের শিববাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। রাত সোয়া ৭টার দিকে হঠাত্ বাসটিতে আগুন জ্বলতে দেখে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই বাসটির বেশীর ভাগ অংশ পুড়ে যায়। ঘটনার পর শহরে আতংক ছড়িয়ে পড়ে। দোকান পাট ও মার্কেট বন্ধ এবং দ্রুত রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। মাগুরায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ :মাগুরা প্রতিনিধি জানান, গতকাল সোমবার রাত ৭টার দিকে মাগুরা শহরের এম.আর রোডে অবস্থিত বিএনপি’র অফিসে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কিছু যুবক বিএনপি অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপি’র নেতা ফারুকুজ্জামান জানান, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।