গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

১৯৮৫ সালের কথা। পুলিশ স্টোরি নামের একটি চলচ্চিত্রের দৃশ্য ধারণ করতে যেয়ে পরপর কয়েকজন স্টান্টম্যান আহত হওয়ার পর নতুন করে আর কোনো স্টান্টম্যানই দৃশ্যটিতে অংশ নিতে রাজি হচ্ছিলেন না। বিষয়টি সেই ছবিতে কাজ করা জ্যাকি চ্যানকে এতটাই ভাবিয়েছিল যে সে বছরই তিনি প্রতিষ্ঠা করেন জ্যাকি চ্যান স্টান্টম্যান অ্যাসোসিয়েশন। এখান থেকে পরবর্তী সময়ে বহু স্টান্টম্যান যেমন প্রশিক্ষণ পেয়েছেন তেমনি বহু স্টান্টম্যানের চিকিত্সার দায়িত্বও নিয়েছে সংস্থাটি। তবে এসবের বাইরে জ্যাকি চ্যানের মুভি মানেই যে অ্যাকশনের ছোঁয়া, প্রায় প্রতিটি ক্ষেত্রে সেই অ্যাকশনের কেন্দ্রে থেকেছেন তিনিই। অভিনীত শতাধিক ছবির প্রায় সিংহভাগে নিজেই কঠিন সব দৃশ্যের স্টান্ট করেছেন। আর এসব করতে যেয়ে একাধিকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ছাড়াও অগণিতবার গুরুতর আহত হয়ে হাসপাতালে গেছেন জ্যাকি চ্যান। তবে তার এই কষ্ট যে বৃথা যায়নি তার প্রমাণ হিসেবে দর্শকদের ভালোবাসার পাশাপাশি জীবিত কোনো অভিনেতার সবচেয়ে বেশি সংখ্যক স্টান্টে অংশ নেয়ার গিনেজ স্বীকৃতিও পেয়েছেন চ্যান। সম্প্রতি সাংহাইতে এক অনুষ্ঠানে জ্যাকি চ্যানের হাতে এই স্বীকৃতির স্মারক তুলে দেন গিনেজের বৃহত্তর চীন অঞ্চলের প্রেসিডেন্ট রোয়ান সিমন্স।