এবারো ‘কান’-এ নেই নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক

 

পুরোবিশ্বে সিনেমাপ্রেমীদের কাছে ‘নেটফ্লিক্স’ এখন তুমুল জনপ্রিয়। ছোটপর্দাতেও সিনেমার জনপ্রিয়তার নতুন উদাহরণ সৃষ্টি করেছে অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স। নিজস্ব প্রযোজনায় সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমার বাজেটের চেয়ে কম নয় নেটফ্লিক্সের সিনেমার বাজেট। সেই দৌড়েও এখন এগিয়ে। আন্তর্জাতিক বিভিন্ন আসরেও নেটফ্লিক্সের জয়জয়কার। তবে কান উত্সবে এখনো প্রবেশ করতে পারেনি এই নেটফ্লিক্স। গতবার ‘কান’ আসরে তাদের প্রবেশের সুযোগ থাকলেও নিজেদের নিয়মের বাইরে যেতে পারেনি বলেই আর কান-এ তাদের সিনেমা প্রদর্শন করা হয়নি।

নেটফ্লিক্সের মাধ্যমে ছোটপর্দায় সিনেমা দেখেন দর্শকরা। আর কান উত্সবে বড়পর্দায় সিনেমা প্রদর্শন করা হয়। যদিও গতবার কান কর্তৃপক্ষ নেটফ্লিক্সকে আমন্ত্রণ জানায়। তবে তারা বড়পর্দায় তাদের সিনেমা প্রদর্শনীতে রাজি হয়নি।  গত ১ বছরে নেটফ্লিক্সের জনপ্রিয়তা বেড়েছে অনেক গুণ। সবার প্রত্যাশা ছিল এবার হয়তো কান উত্সবে দেখা যাবে নেটফ্লিক্সের সিনেমা। তবে এবারো হতাশ করেছে তারা। ৭২তম কান চলচ্চিত্র উত্সবেও নেই নেটফ্লিক্স। ১৪ মে ফ্রান্সের উপকূল শহরে শুরু হবে কান চলচ্চিত্র উত্সব। চলবে ২৫ মে পর্যন্ত। এবার প্রতিযোগিতা বিভাগে পুরোবিশ্ব থেকে ১৯টি ছবি থাকছে।