সেরেনার দৃষ্টিতে গ্র্যান্ড স্ল্যাম

ক্যারিয়ারে দুই দশক পেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস এখনও আন্তর্জাতিক অঙ্গনে মহিলা টেনিস খেলোয়াড়দের মধ্যে নিজের আধিপত্য বজায় রেখেছেন। আর ২০১৩ সালকে সামনে রেখে তার সামনে এখন একটাই লক্ষ্য সাবেক দুই তারকা মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টের সাথে গ্র্যান্ড স্ল¬্যাম প্রাপ্তির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করা। আগামী বছরের সেপ্টেম্বরে ৩২ বছরে পা রাখতে যাওয়া এই মার্কিনী এই বছর র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে বছর শেষ করেছেন। ২০১২ সালের মাঝামাঝিতে তিনি নতুন করে যেন নিজের প্রতিভা সবাইকে জানান দিয়েছেন। বিশেষ করে উইম্বলডন এবং অলিম্পিকের এককে স্বর্ণপদক জয়ের পাশাপাশি বছরের শেষ গ্র্যান্ড স্ল¬্যাম ইউএস ওপেনও নিজের করে নেন। তবে রুশ তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে বছরের শেষ ডবি¬্লউটিএ চ্যাম্পিয়নশীপ অর্জন করে তিনি দারুণভাবে বছর শেষ করেন। যার কারণে চতুর্থবারের মত ডব্লি¬উটিএ ট্যুরের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন। আর তাই ১৫টি গ্র্যান্ড স্ল¬্যামের মালিক সেরেনা আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, ‘‘অবশ্যই আমি নিজের খেলার আরো উন্নতি করতে পারব।” যুক্তরাষ্ট্রের সাবেক তারকা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্ট ক্যারিয়ারে ১৮টি করে গ্র্যান্ড স্ল¬্যামের শিরোপা দখল করেছেন। তবে এই সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন জার্মান তারকা স্টেফি গ্রাফ। তার ঝুলিতে রয়েছে ২২টি। এই সংখ্যা কিছুটা কঠিন হলেও নাভ্রাতিলোভা এবং এভার্টের থেকে মাত্র তিনটি শিরোপা দূরে রয়েছেন সেরেনা যা অর্জন সম্ভব বলেই তিনি মনে করেন। তবে চলতি বছরের প্রথম ছয় মাস কোর্টে ব্যর্থতার কারণে সেরেনার জন্য এই স্বপ্ন বাস্তবায়ন অনেকটা কঠিনই হয়ে গিয়েছিল। তিনি আশাও ছেড়ে দিয়েছিলেন। মূলত ২০১০-২০১১ সাল টানা এক বছর সেরেনা ফুসফুসের জটিল রোগে ভোগার কারণে কোর্টের বাইরে ছিলেন। ইনজুরি থেকে ফিরে বছরের প্রথম গ্র্যান্ড স্ল¬্যাম অস্ট্রেলিয়ান ওপেনে তিনি চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন। ঐ সময় তিনি চার্লসটোন এবং মাদ্রিদের ক্লে কোর্টের শিরোপা জিততে পারেননি। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ভার্জিনি রাজানোর কাছে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের লজ্জায় পড়েন। আর তখনই তার ক্যারিয়ার শেষের হুমকি দেখা দেয়। কিন্তু এর পরপরই জুনে উইম্বলডনে এসে তিনি নিজেকে পুনরায় ফিরে পান। অল ইংল্যান্ড ক্লাবে ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জয়ের পথে প্রতিপক্ষ আগনিয়েস্কা রাদাওয়ানাস্কা কোন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একইসাথে উইম্বলডনের এককে স্বর্ণপদক জয় তাকে আরো এগিয়ে দেয়। বছরের শেষে এসে ইউএস ওপেনের চতুর্থ শিরোপা জয় করেন। -বাসস/এএফপি