এখন সময় রিয়াদের
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৪
টেস্টে ৩২.০৩ আর ওয়ানডেতে ৩৩.০৪ গড়ের পরেও ব্যাটিং পজিশনে তিনি খেলেন সাতে। দুর্ভাগ্যবান বলতেই হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে এই সিরিজের পর নিজেকে ভাগ্যবান মানতেই পারেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। নিজের পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দিয়েছেন কেন তিনি সবার থেকে আলাদা।
রিয়াদের মূল পরিচয় বোলিং জানা ব্যাটসম্যান। তবে, সাহারা কাপ সিরিজে তিনি পুরোদস্তুর অল রাউন্ডার। পরিসংখ্যান দেখলে কথাটির যৌক্তিকতা বোঝা যায়। ওয়ানডেতে নিয়েছেন আটটি উইকেট। ইকোনমিটাও বেশ যুতসই; ৪.২৫। সাথে ৭৯.৫০ গড়ে ১৫৯ রান; যার দুটিতেই তিনি ছিলেন অপরাজিত। ওয়ানডে’র পর টি-টোয়েন্টিতেও ছিল তার সেই রুদ্রমূর্তি। দলের জয় নিশ্চিত করতে না পারলেও ৪৮ বলে অপরাজিত ৬৪ রান করে নিজেকে আরেকবার চিনিয়েছেন তিনি।
এর আগে টেস্টেও রানের মধ্যেই ছিলেন রিয়াদ। টানা দুই ম্যাচেই করেছেন অর্ধশত রান। ৪২.২৫ গড়ে ১৬৯ রান। সময়টাকে নিজের বলেই দাবি করতে পারেন রিয়াদ।
তবে, একটু পেছনে ফিরে তাকালেই দেখা যাবে, একটা সময় বোলিং করারই খুব একটা সুযোগ হতো না রিয়াদের। খুব দরকার না পড়লে তার হাতে বল দিতেন না অধিনায়করা। তবে, সুযোগ পেলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি রিয়াদ। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে নিয়েছিলেন ক্যারিয়ার সেরা ৫১ রানে পাঁচ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট। আর এটাই ছিল তার অভিষেক টেস্ট সিরিজ। এমন অভিষেকের পরেও ক্যারিয়ারে ২৩ টেস্টে মাত্র ২৪ উইকেট। সুযোগ না পাওয়াটা এখানে আরো স্পষ্ট হয়ে উঠছে!
প্রথম দুই ওয়ানডেতে অনেকটা তার সাহায্য ছাড়াই জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানতে জ্বলে উঠেছেন। তবে, টানা দুটি অর্ধশতকের পরেও জয় পায়নি বাংলাদেশ। পঞ্চম ওয়ানতে আর পরাজয়ের হতাশা সঙ্গী হয়নি তার। ১০ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো ও আন্দ্রে রাসেলের উইকেট।
২১৭ রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলার পর ব্যাটিংয়ের ছন্নছাড়া দশা বাংলাদেশের। ৩০ রানের মধ্যে ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশের সামনে তখন সিরিজ হারানোর শঙ্কা। ত্রাণকর্তার রূপে হাজির হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে গড়লেন ৯১ রানের জুটি। সিরিজ জিতলো বাংলাদেশ। গ্যাংনাম উত্সবে মেতে উঠলো গোটা জাতি। দারুণ বোলিংয়ের পর ব্যাটেও ৪৮ রান করা মাহমুদুল্লাহ পেলেন ম্যাচ সেরার পুরস্কার। নিজেকে চেনালেন রিয়াদ! নিজেদের চেনালো বাংলাদেশ।