বাংলাদেশের সেরা বছর!
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৫
শেষটা ঠিক মনের মতো হল না। তারপরও এ বছরটিকে অন্তত ওয়ানডের বিবেচনায় দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বছর বলে মানতে আপত্তি করার কথা নয় কারো। এশিয়া কাপের রানার্সআপ, আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি জিতে র্যাংকিংয়ে উন্নতি হওয়া এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এসব পরিসংখ্যানে চোখ বোলালে যে কারো মনে হবে, অসাধারণ একটি বছর কাটল।
ঠিক একইরকম মনে হচ্ছে তামিম ইকবালের। বছরের শেষ জয় দিয়ে করতে পারলেন না বলে আফসোস আছে। আফসোস আছে শেষ ম্যাচে দুরন্ত ইনিংসটাকে সেঞ্চুরিতে পরিণত করতে না পারার। তারপরও পেছন ফিরে দেখে মোটামুটি তৃপ্ত প্রতিক্রিয়াই জানাচ্ছেন এই মারুকুটে ওপেনার। তবে তৃপ্তি নিয়েই বসে থাকতে রাজী নন তিনি, ‘আমাদের খুব ভালো একটি বছর কেটেছে। আমরা ভালো ক্রিকেটও খেলেছি। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু কিছু জায়গায় উন্নতির দরকার। ছোট ছোট ভুলগুলো শুধরাতে হবে। এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তবে আমরা আরো উন্নতি করতে পারবো’।
তামিম নিজেও অনেকদিন ধরে ফর্মে ছিলেন না। আয়ারল্যান্ড সফরে একটি ফিফটির পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে আর ফিফটি পাননি। টেস্টের শুরুতেই রান পেলেও ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান পাচ্ছিলেন না। গত সোমবার ৬১ বলে ৮৮ রানের ইনিংস খেলে নিজের ফর্মহীনতাকে দূর করেছেন বটে তবে একটি সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার আগের সর্বোচ্চ ছিল ৭৮। কাল সেটা তো ছুঁয়েছেন, পাশাপাশি প্রথমবারের মত সেঞ্চুরি করার রেকর্ডের হাতছানি ছিল সেটাও মিস করেছেন তিনি। শেষ ওভারটি রিয়াদ স্ট্রাইকে থাকায় তামিমের আর ব্যাট করার সুযোগ হয়নি। কেমার রোচের সেই ওভারের ছয়টি বলই খেলেছেন রিয়াদ। দুই ছয় ও এক চারে ১৮ রান তুলেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। অথচ, তামিম ৮৮ রান নিয়ে উইকেটের আরেক প্রান্তে দাঁড়িয়ে আফসোসে পুড়েছেন। সেঞ্চুরির জন্য হয়তো আফসোস করেছেন তিনি। কিন্তু মুখে কিছু বললেন না। আফসোসের প্রসঙ্গ আসতেই এই ওপেনার বলেন, ‘প্রতিটি ব্যাটসম্যান সেঞ্চুরির স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায়। আমিও তাদের মত স্বপ্ন দেখি। আমি শতকরা ৭৫ ভাগ আউট হয়েছি নিজের ভুলের কারণে। আমি নিশ্চিত আমি সেঞ্চুরি করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে। তবে আজ (সোমবার) সেঞ্চুরি পাইনি এটাতে আমার কোন আফসোস নেই’।
তবে আফসোস আছে এই ম্যাচটা জিততে না পারার। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং নানা দিক থেকে ম্যাচটা নিয়ে ভাবছেন তামিম ইকবালরা। কাছে গিয়েও কেন টি-টোয়েন্টিটা বাংলাদেশ হারল, এ নিয়ে চিন্তা করেছেন। অনেক চিন্তার পর তামিমের সিদ্ধান্ত, ‘ওয়েস্ট ইন্ডিজের তুলনায় আমরা শক্তির দিক থেকে পিছিয়ে আছি। তবে আমাদের যে যোগ্যতা আছে সেটা আবার ওদের নেই’। এবার তামিমদের চ্যালেঞ্জ, এই ‘যোগ্যতা’টা বিশ্বের আরও আরও বড় দলের সামনে নিয়মিত প্রদর্শন করা।
এক নজরে সফর
উইন্ডিজ বাংলাদেশ
টেস্ট সর্বোচ্চ রান ২৬৩-নাসির হোসেন ৩৫৪-শিবনারায়ণ চন্দরপল
টেস্ট সর্বোচ্চ উইকেট ১২-সোহাগ গাজী ১২-টিনো বেস্ট
টেস্ট সর্বোচ্চ ইনিংস ১১৩-আবুল হোসেন ২৬০-মারলন স্যামুয়েলস
দলীয় টেস্ট সর্বোচ্চ ৫৫৬ (ঢাকা) ৬৪৮/৯ ডিক্লে.
ওয়ানডে সর্বোচ্চ রান ২০৪-মুশফিকুর রহিম ১৭০- মারলন স্যামুয়েলস
ওয়ানডে সর্বোচ্চ উইকেট ১০-আব্দুর রাজ্জাক ৯-সুনিল নারিন
ওয়ানডে সর্বোচ্চ ইনিং ১২০-এনামুল হক ১২৬- মারলন স্যামুয়েলস
দলীয় সর্বোচ্চ ওয়ানডে ২৯২/৬ (খুলনা) ২২৮/৬ (ঢাকা)
টি-টোয়েন্টি সর্বোচ্চ ইনিংস ৮৮*-তামিম ইকবাল ৮৫*- মারলন স্যামুয়েলস