অল্পের জন্য প্রাণে রক্ষা সিলেটের খেলোয়াড়দের
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৭
ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে অল্পের জন্য বেঁচে এসেছেন সিলেট বিভাগীয় দলের খেলোয়াড়রা। রংপুরে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ শেষে গত পরশু, সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিলেটের খেলোয়াড়রা। গতকাল ভোর ৭টার সময় তাদের বহনকারী বাস রাজধানীর কাছেই ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে বাস আটকে যাওয়ায় অক্ষত অবস্থায় আছেন সিলেটের খেলোয়াড়রা।
ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ শেষে অলক কাপালি, রাজিন সালেহ, তাপস বৈশ্যর মতো জাতীয় দলের সাবেক খেলোয়াড়সহ পুরো দল এবং তাদের কোচ কর্মকর্তাদের নিয়ে বাস রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। সকালে হরতালের আচ টের পাওয়ার আগে বাসায় পৌঁছানো ছিল লক্ষ্য। কিন্তু ভোর বেলায় বাসে সবার ঘুম ভাঙে প্রবল ধাক্কায়।
ফোনে ভৈরব থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রাজিন সালেহ বলছিলেন, ‘সকাল বেলায় ঘুম ঘুম চোখে ওই দৃশ্য দেখাটা ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর এক হাত চাকা এগোলেই গভীর নদীতে পড়ে যেত বাস।’ অধিনায়ক অলক কাপালি বলছিলেন, ‘এরকম অভিজ্ঞতা যেন কারো না হয়। এমন ভয় আমরা কেউ কখনো পাইনি।’
ওই দুর্ঘটনার পর সারাদিন ভৈরবের এক রেস্তোরাঁয় আটকে থাকতে হয়েছে সিলেটের খেলোয়াড়দের। হরতালের জন্য দিনে আর রওনা দিতে পারেননি তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের খেলোয়াড়রা অপেক্ষায় ছিলেন ওই বাসটিই সারিয়ে ঢাকা রওনা দেয়ার জন্য।
ঢাকা রওনা দেয়ার আগে মোটামুটি সব খেলোয়াড় এই ভীতিকর অভিজ্ঞতা জানানোর পাশাপাশি বলছিলেন, রংপুরের এই ভেন্যুতে খেলতে যাওয়া-আসার পথে প্রায় সব দলের খেলোয়াড়দের কম- বেশি ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। বেহাল এই সড়ক দিয়ে দীর্ঘযাত্রা করা নিয়ে অসন্তোষ আছে ক্রিকেটারদের মধ্যে।