বিচারক শোবিজ তারকাদের ব্যস্ত সময়
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২০
সিনিয়র শোবিজ তারকাদের অধিকাংশই এখন বিভিন্ন রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত। এর মধ্যে চিত্রনায়ক ফেরদৌস আছেন রেকর্ড সংখ্যক শোতে। সিনেমার কাজে শিথিল অবস্থা। আর ক্যারিয়ারও নিম্নগামী হওয়ায় নিজেকে এখন রিয়েলিটি শোতেই ব্যস্ত রেখেছেন তিনি। জানা গেছে, বেশ চড়া পারিশ্রমিকও হাঁকছেন একেকটি শোতে। স্যাটেলাইট চ্যানেলের কল্যাণে এই নতুন হুজুগে তাই যেন সকলেই এখন বেজায় ব্যস্ত। এনটিভিতে শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই রিয়েলিটি শো এদেশীয় রিয়েলিটি শো হুজুগের পথিকৃত। এতে বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবী। তাই বেশ সাড়ম্বরেই শুরু হয়েছে এই গানের রিয়েলিটি চর্চা। অন্যদিকে বাংলাভিশনে বেশ সাড়ম্বরে শুরু হয়েছে নাচের রিয়েলিটি শো। এখানে বিচারকের আসনে রয়েছেন নৃত্যজুটি শিবলী-নীপা ও চিত্রনায়ক ফেরদৌস। চ্যানেল নাইনে পাওয়ার ভয়েজে বিচারকের কাজ করছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। তবে এসব ছাড়িয়ে রিয়েলিটি শো নিয়ে সর্বাধিক অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। মডেলিং, গান, নাচসহ বিভিন্ন ক্যাটাগরির রিয়েলিটি শো এই চ্যানেলে বছর জুড়ে। এ ছোট্ট পরিসংখ্যান অনুযায়ী প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ের বিচারকের তালিকা করলে প্রায় শতাধিক তারকা এখন ব্যস্ত বিভিন্ন রিয়েলিটি শোকে কেন্দ্র করে।