নারী উদ্যোক্তাদের
সিম্পোজিয়াম শেষ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২২
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্ক তৈরির আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সিম্পোজিয়াম। রাজধানীর একটি হোটেলে শেষ হওয়া এ সিম্পোজিয়ামে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্তত ১২০ জন উদ্যোক্তা অংশ নেন। সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেক বক্তব্য রাখেন। শিরিন শারমিন বলেন, দক্ষতা তৈরির পাশাপাশি অর্থ ও বাজারে প্রবেশাধিকার নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয়। নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরির উপর জোর দেন তিনি।
নারীর ক্ষমতায়নের বিষয়ে রবার্ট ও’ ব্লেক বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকায় নারী প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এসব দেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের আরো বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, বাস্তবতা হলো বিশ্বের সর্বত্রই নারীরা অনেক সময় অসম পরিস্থিতির মুখে পড়ছেন। এ অঞ্চলের নারীরা অনেক দূর এগিয়েছে। তাদের আরো পথ পাড়ি দিতে হবে।