দিনাজপুরে আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলন

আদিবাসী অধিকার বিষয়ক আইন প্রণয়ন ও পৃথক ভূমি কমিশন গঠনসহ ৬ দফা দাবিতে আগামী ১৫ জানুয়ারীর পর আন্দোলনে নামছে আদিবাসীরা। গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ এই ঘোষণা দেয়। ঘোষণায় ১৫ জানুয়ারী রংপুর ও রাজশাহী বিভাগের আদিবাসীরা প্রতিটি জেলায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করবে। এরপরও দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ৬ দফা দাবির অন্য ৪টি হলো আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের মতো জাতীয় আদিবাসী বিষয়ক কমিশন গঠন, জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণাপত্র বাস্তবায়ন, আইএলও কনভেনশন নং ১০৭ বাস্তবায়ন এবং ১৬৯ র্যাটিফাই করা ও আদিবাসী সাংস্কৃতিক একাডেমি পুর্ন বাস্তবায়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করলেরও সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের কোন উদ্যোগ নেয়নি। ঘটছে হত্যা, গুম, অপহরণ, ধর্ষন, লুটপাট, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা। আদিবাসীরা এসব অত্যাচার থেকে মুক্তি চায়। সরকার আদিবাসীদের দাবির ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলেকজেন্ডার হাঁসদা, সাংগঠনিক সম্পাদক রবীন হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের সুভাষ হেমব্রম, রতন মার্ডি প্রমুখ উপস্থিত ছিলেন