উখিয়ায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে মেজর জেনারেল সাব্বির
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৫
উখিয়ায় সেনাবাহিনীর নির্মাণাধীন বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনীর মেজর জেনারেল সাব্বির আহমেদ বলেন, দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পুনর্নির্মাণ করে আমরা সামপ্রদায়িক সমপ্রীতির আরো উন্নয়ন ঘটাতে চাই। তবে স্থানীয়ভাবে সকল ধর্মের লোকজনকে এ ব্যাপারে সহনশীল ও উদার মনোভাব নিয়ে বসবাসের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। তিনি মঙ্গলবার খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র মহারত্ন সার্বজনীন বৌদ্ধ বিহার পরিদর্শন করে মন্দির কমিটির সদস্য ও গ্রামবাসীর সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল শামস, ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ, ক্যাপ্টেন খালেদ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক পরিমল বড়ুয়া উপস্থিত ছিলেন।