রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী বিজয়মেলা শুরু
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৬
রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হয়েছে। গত সোমবার রাতে সৈয়দবাড়ী গ্রাম সংলগ্ন সবুজ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। রাঙ্গুনিয়া মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, সাদেকুন নূর শিকদার, সাবিহা মুছা, সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী শাহ, মোহাম্মদ আলী চেয়ারম্যান, ইকবাল হোসেন, আবদুর রউফ মাস্টার, আকতার হোসেন খান, আরজু শিকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পুতুল শিকদার, বিকে লিটন চৌধুরী, নাছির উদ্দিন রিয়াজ, আবু তৈয়ব, মোরশেদ তালুকদার প্রমুখ।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে বিজয়ের ৪১তম বর্ষ উপলক্ষে শ্যামনগর উপজেলা চত্বরে শুরু হয়েছে সপ্তাহকালব্যাপী বিজয়মেলা। সোমবার এ মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম জগলুল হায়দার, প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ৭০-এর নির্বাচিত এমপিএ একে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক বিশ্বাস, জেলা সহ-সভাপতি আবু নাসিম ময়না প্রমুখ।