চন্দনাইশ ও আড়াইহাজারে ডাকাতি
দোহাজারী ( চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৭
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী গ্রামের নিজামুল হকের বাড়িতে সোমবার রাত সোয়া একটায় ডাকাতি হয়েছে। ১০/১৫ জনের সশস্ত্র ডাকাতদল নিজামুল হকের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে বাড়িতে রক্ষিত ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে গিয়াসউদ্দীনের বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহকর্তা গিয়াসউদ্দীন জানান, রাত ২টার দিকে ১২/১৩ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ও অন্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। এদিকে প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।