বাগেরহাটে চর দখলের ঘটনায় আরও একজনের মৃত্যু
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৯
বাগেরহাটের মোল্লাহাটে গত শনিবার মধুমতির নদীর চরের খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ মহসীন সরদার (২৫) মারা গেছেন। সোমবার গভীর রাতে তিনি মারা যান। এই নিয়ে ঐ ঘটনায় দুইজন মারা গেলেন।
নিহত মহসীন সরদার মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামের আউয়াল সরদারের ছেলে। এর আগে ঘটনার দিন রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রিপন সরদার (২১) নামে আরেক যুবক মারা যান। এদিকে ঐ ঘটনায় দুইজন নিহত হবার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, মধুমতি নদীর চরের তিন একর জমি দখলকে কেন্দ্র করে গত শনিবার সকালে সিংগাঁতি গ্রামের জাহিদ শিকদার ও জিন্নাহ সরদারের সমর্থকদের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনায় উভয়পক্ষে অন্তত পঞ্চাশ ব্যক্তি আহত হয়েছিলেন। নিহত রিপন ও মহসীন জিন্নাহ সরদারের সমর্থক। রিপন নিহত হবার পর ঐ ঘটনায় মোল্লাহাট থানায় দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিলো। তবে পুলিশ গত চার দিনেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি।