মুরাদনগরে অবৈধ মার্কেট উচ্ছেদে নোটিশ

কুমিল্ল¬ার মুরাদনগরে সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ওই নোটিসে অবৈধ দখলদারসহ এর ভাড়াটিয়াদেরকে ৭ দিনের মধ্যে কোম্পানীগঞ্জ-নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের ৭ কিলোমিটারে রাজাচাপিতলা বাসস্ট্যান্ডের অবৈধ দখল সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। জানা যায়, মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের প্রভাবশালী আঃ কুদ্দুছ ও নজু মিয়াসহ অন্যরা চাপিতলা স্টেশনের পাশে সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দ দেন। এতে চাপিতলা স্টেশনে গাড়ি থামার নির্ধারিত স্থানটি বেদখল হয়ে যাওয়ায় যানবাহন পাশের একটি ব্রিজের ওপর ঝুঁকি নিয়ে থামানো হয়। সওজ সূত্রে জানা যায়, অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারে গত ৬ ডিসেম্বর অবৈধ দখলদার নজরুল ইসলাম, ইব্রাহীম, কুদ্দুস মেম্বার, ইসমাইল হোসেন, কবির হোসেন ও সাখাওয়াত মোল্লাসহ সংশ্লিষ্টদেরকে ৭ দিনের মধ্যে কোম্পানীগঞ্জ-নবীনগর-শিবপুর-রাধিকা সড়কের ৭ কিলোমিটার স্থানে রাজাচাপিতলা বাসস্ট্যান্ডের অবৈধ দখল সরিয়ে নিতে নোটিস প্রদান করা হয়। কুমিল্ল¬া সওজ’র নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ১৩ ডিসেম্বরের মধ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা/দোকানঘর সরিয়ে নিতে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নেয়া হবে।