জীবননগরে পল্লী চিকিত্সক নিহত

সোমবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী আমতলা-রতিরামপুর সড়কের জ্যাকি ব্রিক্সের সন্নিকটে ছিনতাইকারীদের বোমা হামলা, গুলি ও এলোপাতাড়ি হাসুয়ার কোপে আব্দুর রহিম (৪৫) নামের এক পল্লী চিকিত্সক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম উপজেলার রতিরামপুর গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগরের জিয়া (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অত্যাধুনিক একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। গ্রেফতারকৃত জিয়া এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে বিএনপি করে বলে তার পরিবারের দাবি। রাত আনুমানিক ৮টার দিকে দোকান বন্ধ করে সে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারি চক্রের কবলে পড়ে।