লাকসামে শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে মিছিল
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩১
লাকসামে শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে সোমবার পৌর এলাকার নারী-পুরুষ মৌন মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
জানা যায়, লাকসাম উপজেলা সদরের পৌরসভার ৮নং ওয়ার্ড মধ্য লাকসামে একটি প্রভাবশালী মহল সংখ্যালঘু অধ্যুষিত এলাকার শতবর্ষী পুকুরটি ভরাটকালে এলাকার লোকজন স্থানীয়ভাবে প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি। বরং তারা হুমকি-ধমকির শিকার হয়েছেন। উপায়ন্তর না দেখে এলাকাবাসী লাকসাম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান ও মৌন মিছিল করে।
এলাকাবাসী জানায়, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ৫৪ শতকের এ পুকুরের ১১ শতক কিনে পুরো পুকুরটি ভরাটের উদ্যোগ নেয় প্রভাবশালী এক ব্যক্তি। এতে মহল্লার একমাত্র এ পুকুরের আশপাশের অর্ধশতাধিক পরিবারের দৈনন্দিন রান্না-বান্না, অজু-গোসলের আর কোন উপায় থাকে না। গৌতম ধর, সঞ্জয় ঘোষ, অষ্টমি বনিক, মোঃ মানিকসহ ওই এলাকার বাসিন্দারা জানান, ‘সরকারি আইনের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় এভাবে পুকুর ভরাটের বিষয়টি খুবই অমানবিক। বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর ফজলুল হকসহ সমাজপতিদের জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। পরে ভূমি মন্ত্রণালয়, কুমিল্লা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে’। এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহগীর আলমের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে লাইনটি কেটে দেন।