হরতালে ভাংচুর অগ্নিসংযোগ

বিএনপির নেতৃত্বাধীন ১৮ জোট আহূত গতকালের (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতালেও রাজধানীসহ সারাদেশে গাড়ি ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হরতাল চলাকালে রাজধানীসহ সারাদেশে গ্রেফতার হয়েছে ২ শতাধিক। এর মধ্যে ঢাকায় গ্রেফতার হয় ৪২ জন। এ সময় পুলিশসহ শতাধিক আহত হয়। হরতালে সহিংসতা রোধে সোমবার রাত থেকেই নগরীতে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু ভোরে ঘন কুয়াশার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে হরতালকারীরা চোরাগোপ্তা হামলা শুরু করে। তবে দুপুরের পর থেকে কিছুটা শিথিল হয়ে পড়ে। নগরীর অনেক এলাকা ছিল পিকেটারমুক্ত। তবে হরতাল-অবরোধ ডেকে কর্মীদের পিকেটিং এ নামতে আহ্বান জানালেও নামেননি বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির কেবল চারজন কেন্দ্রীয় নেতাকে দলীয় কার্যালয়ে দেখা গেছে। এরা হলেন দুই যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বরকতউল্লাহ বুলু, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও ঢাকা মহানগরের সভাপতি সাদেক হোসেন খোকা। অপরদিকে ভোর থেকেই হরতালের বিপক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর অনেক এলাকার রাস্তা ছিল আওয়ামী লীগের দখলে। নগরীতে বিকশা চলাচল ছিল প্রায় স্বাভাবিক। উল্লেখযোগ্য সংখ্যক বাসও চলাচল করে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল করেনি। তবে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল স্বাভাবিক। রবিবারের অবরোধ কর্মসূচিতে ‘পুলিশ ও সরকারি দলের কর্মীদের হামলায় বিএনপি-জামায়াতের চার কর্মী নিহত, ৪৪৭ জনকে গ্রেফতার ও ছয় শতাধিক নেতা-কর্মীকে আহত করার’ প্রতিবাদে এ হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশকালে গ্রেফতার হন কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হীরু। গ্রেফতারের পর তাকে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। একই সময় পুলিশ গ্রেফতার করে বিএনপির চার কর্মীকে। কুয়াশাচ্ছন্ন সকালে ছাত্রদল ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি চানখারপুল এলাকায় পৌঁছালে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ ৬ জনকে গ্রেফতার করে। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। সকাল সাড়ে সাতটার দিকে কাকরাইল এলাকায় ভাংচুর করা হয় খাদ্য সচিবের গাড়ি। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করে। সকাল পৌনে নয়টার দিকে জোনাকি সিনেমার সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এর কিছু সময় পর পল্টন আনন্দভবনের সামনে বিস্ফোরিত হয় দুইটি ককটেল। শান্তিনগর এলাকায় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পিকেটাররা ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। সকালে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে তারা বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর করে। সকাল ৭টার দিকে পল্লবীতে বিআরটিসি একটি বাস ভাংচুর করে পিকেটাররা। মিরপুর ও গাবতলী এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হলেও পরে তাদের আর দেখা যায়নি। এ সময় ভাংচুর করা হয় তিনটি বাস। বিস্ফোরিত হয় পরপর কয়েকটি ককটেল। পরবর্তীতে গোটা এলাকা ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। এছাড়া মিরপুর ও পল্লবী এলাকায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় ভোর সোয়া ছয়টার দিকে জামায়াত-শিবির কর্মীরা একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। কাজলার পাড় মোড়ে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। শনিরআখরা এলাকায় ভাংচুর করে দুইটি বাস। এসময় প্রাণভয়ে দ্রুত বাস থেকে নামতে গিয়ে ৪ যাত্রী আহত হন। সীমাহীন দুর্ভোগ : হরতালের কারণে দিনব্যাপী সীমাহীন দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। ভোর থেকেই রাস্তায় যানবাহন ছিল কম। ছিল কিছু বিআরটিসি বাস। তাও ছিল অপ্রতুল। তবে নগরীর ভিআইপি সড়কসহ সব সড়ক ছিল রিকশার দখলে। অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে যানবাহন না পেয়ে অনেকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। পায়ে হেঁটে, রিকশা ও ভ্যানে করে অনেককে দেখা গেছে গন্তব্যে পৌঁছাতে। আর এ সুযোগে রিকশার ভাড়াও ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। সচিবালয় : সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম চলে। অন্য দিনের তুলনায় সচিবালয়সহ আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ভোর ছয়টা থেকেই সচিবালয়ের সামনের রাস্তায় স্ট্রীকার গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেয়া হয়নি। সচিবালয়ের ভেতর ফটকগুলোতেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। সকাল থেকে সচিবালয়ের বাইরেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়। সকাল এগারটার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে হরতাল সমর্থকদের সঙ্গে যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের রাবার বুলেটে আহত হন নুরুন্নাহার টুম্পা (২০) নামে এক তরুণী ও যুবলীগ কর্মী রেজাউল করিম। স্থানীয় ক্লিনিকে তারা চিকিত্সা নিয়েছেন। রাজশাহী অফিস:রাজশাহীতে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল (মঙ্গলবার) বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পুলিশ বিভিন্নস্থান থেকে ১৪ জনকে আটক করেছে। গতকাল দিনের শুরু (ভোর ৬টা) থেকেই নগরীর বিনোদপুর, কাজলা, তালাইমারী, সাহেব বাজার, ভদ্রা স্মৃতি অম্লান এলাকা, কাদিরগঞ্জ মহিলা কলেজ মোড়, শহীদ কামারুজ্জামান চত্বর, সিটি বাইপাস মোড় ও কাশিয়াডাঙ্গা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। বাগমারা সংবাদদাতা জানান, বাগমারায় বিএনপির কার্যালয় ও দোকানে হামলা-ভাঙচুর করা হয়েছে। খুলনা অফিস:পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল খুলনায় হরতাল পালিত হয়েছে। হরতাল-অবরোধসহ গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরী থেকে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ বিরোধীদলের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে। সিলেট অফিস:সিলেটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বিএনপি ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা হয়েছে। দক্ষিণ সুরমায় সংঘর্ষে দুই ফটোসাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বরিশাল অফিস:অবরোধের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৪শ নেতাকর্মীকে আসামি করে কোতয়ালী মডেল ও বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনকে আসামি করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি:হরতাল চলাকালে ১৮ দলীয় জোটের কোন নেতাকর্মী রাস্তায় নামেনি। সোমবার রাতে শহরের শিববাড়ি মোড়ে বিআরটিসির বাসে আগুন দেয়ার ঘটনার পর থেকে কোন নেতাকর্মী গ্রেফতার আতংকে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি। পুলিশ হরতাল চলাকালে কলেজ ছাত্র সুজন (১৮) ও মহসিন (২৬) নামে দুইজনকে আটক করেছে। সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুই জামায়াত নেতাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার ভোর রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজকিন আহমেদ চিশতি এবং জামায়াত নেতা ইদ্রিক আলী ও ইকবালকে আটক করা হয়। কিশোরগঞ্জ প্রতিনিধি:শহরের পুরান থানা এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করা হলে পুলিশি ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ শহর থেকে মোট ৫ জনকে আটক করেছে। এছাড়া হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত ওসমানকে (৪০) আটক করেছে পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি:সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে টাঙ্গাইলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করেছে। পিকেটিং করার সময় বিভিন্ন স্থান থেকে তাদের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। জামালপুর প্রতিনিধি:জামালপুরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। গতকাল সকালে হরতালের পক্ষে কিছু কিছু স্থানে হরতালকারীরা পিকেটিং শুরু করলে পুলিশ হানা দিয়ে ৭ জনকে গ্রেফতার করে। ওই সময় পুলিশের ধাওয়ায় হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। নেত্রকোনা প্রতিনিধি:গতকাল মঙ্গলবার নেত্রকোনায় আংশিক হরতাল পালিত হয়েছে। পুলিশ পিকেটিংকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে ফারুক, পারলা এলাকা থেকে আকবর, দুর্গাপুর থেকে শফিকুর রহমান শফিক এবং রোকন-উজ-জামান রুক্কুকে আটক করে। ফেনী প্রতিনিধি:ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের নিকট পিকেটাররা চট্টগ্রামগামী এস এ পরিবহনের একটি পার্শেল গাড়িতে অগ্নিসংযোগ করে। বেলা ১১টার দিকে ফালাহিয়া মাদ্রাসার ২ শিবির কর্মীকে হরতাল বিরোধীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি:১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে চাঁদপুরে পুলিশ ও পিকেটারদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পিকেটিংকালে পুলিশ বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করে। মাগুরা প্রতিনিধি: মঙ্গলবার ১৮ দলের ডাকে হরতাল পালিত হয়েছে। পুলিশ হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ৬ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ দলের ডাকা হরতাল শান্তিপূর্ণ পালিত হয়েছে। পুলিশ বিভিন্ন স্থান থেকে পিকেটিং ও নাশকতার অভিযোগে ৩২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। লালমনিরহাট প্রতিনিধি:মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাট জেলায় সকাল ৬টায় হরতাল সমর্থনকারীরা শহরের মিশন মোড়, মহেন্দ্রনগর, মোস্তফিসহ বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে। এ সময় পুলিশ তৈয়ব, আলী, শরিফ, কাশেম, মানিকসহ ১০ জনকে আটক করে। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি : ১৮ দলের ডাকা হরতাল বরগুনায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এদিকে নাশকতার আশংকায় বরগুনাসহ জেলার অন্যান্য উপজেলা থেকে পুলিশ নয় জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : হরতালকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ১০, শিবগঞ্জ থেকে ৪, গোমস্তাপুর থেকে ৩, নাচোল থেকে ৪ ও ভোলাহাট উপজেলা থেকে ১০— মোট ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শিবিরের ১১, জামায়াতের ২ ও বিএনপির ১৩ জন রয়েছে। লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় লালমনিরহাটে বিএনপি-জামায়াত কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মহেন্দ্রনগর, মিশনমোড়সহ কয়েকটি এলাকায় বিক্ষুব্ধ বিএনপি-জামায়াত কর্মীরা অগ্নিসংযোগ এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেছে। কুড়িগ্রাম প্রতিনিধি : হরতাল চলাকালে সকালে বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় ৬ বিএনপি কর্মীকে আটক করেছে এবং আহত হয়েছে অন্তত ২০ জন নেতা-কর্মী। বাগেরহাট প্রতিনিধি : ১৮ দলের ডাকা হরতাল চলাকালে পিকেটাররা সকালে রামপাল-বাগেরহাট পুরাতন সড়কের ডেমা এলাকায় ভাড়ায় চালিত ৩টি মটর সাইকেল ভাঙচুর করেছে। নাশকতার চেষ্টার অভিযোগে সকালে পুলিশ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আজমল হোসেনসহ (২৫) ছাত্র শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি \ বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া সিরাজগঞ্জে ১৮ দলের ডাকা হরতাল পালিত হয়েছে। এদিকে সোমবার রাতে এবং হরতাল চলাকালে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। গাইবান্ধা প্রতিনিধি \ ১৮ দলের হরতাল চলাকালে গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার লাশবাড়ীর গ্রামীণব্যাংকের সামনে পুলিশের টহল পি-কাপে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা। এ সময় পিকেটারদের হামলায় দুই পুলিশ ও এক সাংবাদিক আহত হয়। পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ৭ জন গ্রেফতার হয়েছে। সদর উপজেলার মুক্তারপুরের দুর্গাবাড়ি এলাকায় গাড়ি ভাংচুরের দায়ে গ্রেফতার করা হয় তাদেরকে। ফরিদপুর প্রতিনিধি \ মঙ্গলবার সকাল-সন্ধ্যা মঙ্গলবারের হরতাল বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদপুর শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে জামায়াতের ৪ কর্মী, আলফাডাঙ্গায় ১, বোয়ালমারীতে ৩, মধুখালীতে ১, নগরকান্দায় ২ ও ভাঙ্গায় ১ জন। ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানায় জেলা বিএনপি-জামায়াত ও এর অঙ্গ-সংগঠনের এজাহারভুক্ত ৫৮ জনসহ অজ্ঞাতনামা দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। বিএনপি-জামায়াতসহ ১৮ দলের হরতাল-অবরোধ কর্মসূচি পালনকালে ভাংচুর, অগ্নিসংযোগ করে জনগণের জানমালের ক্ষতিসাধন ও পুলিশের উপর হামলার ঘটনায় এসব মামলা হয়। রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতাল চলাকালে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হরতাল চলাকালে রাস্তায় বাস-ট্রাক চলাচল বন্ধ ছিল। ট্রেন চলাচল করেছে। মৌলভীবাজার প্রতিনিধি: হরতাল চলাকালীন সময় শহরের সরকারি কলেজের সম্মুখে পিকেটিং করার সময় বিএনপি ও ছাত্রদলের ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শিবল মিয়া, আরমান চৌধুরী, রেজা আহমদ, সাবের আহমদ, মাসনুন আহমেদ ও সুমন আহমদ। রংপুর প্রতিনিধি: হরতাল চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের ধর্মদাশ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ৫টি নৈশকোচ ভাংচুর করে হরতালকারীরা। এদিকে দর্শনা মোড় এলাকায় ১টি ট্রাকে হামলা চালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে ২ শিবির কর্মীকে আটকের পর পুলিশে সোপর্দ করে। চট্টগ্রাম অফিস: গাড়িতে আগুন ও ভাংচুরের মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ১৮ দলীয় জোটের হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে নগরীতে ৩টি বাসে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। হরতাল চলাকালে পুলিশ নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্তত ১০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে পুলিশ শহরে নাশকতা সৃষ্টির আশংকায় খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজ্জন্মের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ ৭ জনকে আটক করেছে। যশোর অফিস: যশোরে গাড়ি ভাংচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভসহ কিছু বিশৃংখলা ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। পিকেটাররা বাস, নসিমন ও ইজিবাইক ভাংচুর ছাড়াও যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মফিজুর রহমানকে লাঞ্ছিত করে। সাভার: সাভারে হরতালবিরোধী মিছিল হয়েছে। এছাড়া রবিবার ১৮ দলের অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দ্রুত বিচার আইনে দুইটি মামলা করেছে পুলিশ। এ মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। এছাড়া এজাহার নামীয় আসামি ছাড়াও অজ্ঞাত ৫/৬ শত জনকে মামলায় আসামি করায় সকল নেতাকর্মী গ্রেফতার আতংকে ভুগছে। কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: বিএনপির আহবানে হরতালে ঢাকার কেরানীগঞ্জে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ পুলিশ ও হরতাল সমর্থনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল জীবননগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদসহ (৪৬) ৪ জনকে গ্রেফতার করেছে। এছাড়া হরতাল অবরোধকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪ জন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ জন, নেয়াখালীর চাটখিল ও সোনাইমুড়িতে ৭ জন, ঠাকুরগাতির পীরগঞ্জে ১ জন, কিশোরগঞ্জের হোসেনপুরে ১ জন, মাগুরার শ্রীপুরে ৬ জন, কুমিল্লার হোমনায় ২ জন, ফেনীর দাগনভুঁইয়ায় ২ জন। এসব এলাকায় গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। তবে কোথাও কোথাও পিকেটারদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষ হয়েছে।