ঈশ্বরদীতে হরতালবিরোধী মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৭
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২২:১৭
হরতাল চলাকালে গতকাল মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। দুপুরে হরতালবিরোধী মিছিলে হামলা চালান হরতাল সমর্থকরা। এতে ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বিএনপি ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলা হলেও দলটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে হামলার ঘটনা ছাড়াও পিকেটাররা রেললাইনে অবরোধসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে।
গুলিবিদ্ধরা হলেন, থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজুল, সাবেক সাধারণ সম্পাদক রাজিব সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা রন্টু, ছাত্রলীগ নেতা ইমরান, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাবু, যুবলীগ নেতা নুরুল ইসলাম ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন। গুলিবিদ্ধদের ঈশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রেলগেট এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা সকাল হতে ব্যাপক পিকেটিং করে এবং যানবাহনে ভাংচুর চালায়। বিভিন্ন স্থানে দফায় দফায় বোমার বিস্ফোরণে লোকজন আতংকিত হয়ে পড়ে। অনেকেই বাজার এলাকায় আসতে সাহস পাননি। এক পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি হরতাল বিরোধী মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। হঠাত্ বিএনপি’র নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান। এসময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৭জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় যুবলীগ নেতা সালাম খান জানান, বিএনপি’র ক্যাডাররা কয়েকটি ব্যাংকসহ সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মীরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের উপর সশস্ত্র হামলা চালায়।
এই অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, আওয়ামী লীগের ক্যাডাররা প্রথমে বিএনপি’র মিছিলে হামলা চালায়। বাধ্য হয়ে তারা হামলার প্রতিরোধ করেছেন বলে তিনি দাবি করেন।
এদিকে পিকেটাররা সকালে খুলনা হতে ঈশ্বরদীতে আসা তেলবাহী ট্রেনে পাথর নিক্ষেপ করলে ওই ট্রেনের ড্রাইভার বানাত আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া ঈশ্বরদী বাইপাস স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি ট্রেন অবরোধ করে পৌর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী ও পিকেটাররা। ঈশ্বরদী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক হামলার সত্যতা স্বীকার করেছেন।