মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে অর্ধবেলা হরতাল আজ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২২:২০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে এবং দ্রুত তার মুক্তির দাবিতে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে অর্ধবেলা হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান। পরে শহরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ মাসুদ, যুবদলের আহ্বায়ক মহিবুল্ল¬াহ আবু নূর, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে ছেড়ে না দেয়া হলে ঠাকুরগাঁওয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।