সেক্টর কমান্ডার পর্যায়ে বাংলাদেশ-মিয়ানমার পতাকা বৈঠক আজ

মিয়ানমারের মংডুতে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক আজ বুধবার। স্থানীয় সময় সকাল ১০টায় মংডুতে এই বৈঠক শুরু হবে। টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান—মিয়ানমারের মংডুতে অনুষ্ঠেয় পতাকা বৈঠকে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি চট্টগ্রামের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেবেন মংডুস্থ ইমিগ্রেশন হেডকোয়াটার্সের পরিচালক কর্নেল অংনিংও। বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে দায়িত্বরত বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডাররাও উপস্থিত থাকবেন। বর্তমানে দুই দেশের সীমান্তে বাংলাদেশের চারটি ব্যাটালিয়ন এবং মিয়ানমারের ছয়টি সেক্টর দায়িত্ব পালন করছে। বিজিবি সূত্র জানিয়েছে- আজকের বৈঠকে দুই দেশের মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ, সীমান্ত অপরাধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।