হাতিতে চড়ে এসে উদ্বোধনীতে শাকিব খান
নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:০৮
মৌলভীবাজারের টমি মিয়াস ক্রিকেট একাডেমির উদ্যোগে গত ৭ ডিসেম্বর বিকেলে টমি মিয়াস ক্রিকেট ক্লাব রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের এ সময়ের সেরা নায়ক শাকিব খান এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে খলনায়ক মিশা সওদাগর ও প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান ও মৌলভীবাজারের প্রশাসন এবং রাজনৈতিক মহলের শীর্ষ নেতৃবৃন্দসহ দেশের জাতীয় ও স্থানীয় ক্রিকেট তারকারা উপস্থিত ছিলেন। বিশ্ব বিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়ার উদ্যোগে প্রবাসী শহর মৌলভীবাজারে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে টমি মিয়াস ক্রিকেট একাডেমি। এই একাডেমিতে ইতিমধ্যে শতাধিক ছাত্র ভর্তি হয়েছে। দুই মাস আগে যাত্রা শুরু করা এই একাডেমিতে উন্নতমানের ক্রিকেট কোচিং শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সম্পূর্ণ ভিন্ন ধারার এই রেস্টুরেন্টটির উদ্বোধন হয় ভিন্ন স্টাইলে। হাতিতে চড়ে এসে রেস্টুরেন্টের উদ্বোধন করেন শাকিব খানসহ অন্য অতিথিরা। টমি মিয়াস ক্রিকেট ক্লাব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রন্ধনশিল্পী টমি মিয়া জানিয়েছেন, মৌলভীবাজার নায়ক শাকিব খান ঢাকার ফেরার পর ক্রিকেট নিয়ে ছবির মহরত করা হবে। মৌলভীবাজার, ব্রিটেনসহ বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। চলচ্চিত্রের মাধ্যমে দেশের ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবারই প্রথম রন্ধন শিল্পী টমি মিয়ার উদ্যোগে ক্রিকেট নিয়ে বাংলাদেশে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।