বিবার ফিভার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১৪
জাস্টিন বিবার ১৯৯৪ সালের ১ মার্চ কানাডার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন। বিবারের মা সামান্য বেতনে বিভিন্ন দফতরে কাজ করতেন। বিবারের দাদা ছিলেন কানাডাতে অভিবাসী জার্মান নাগরিক। শৈশবে বিবার হকি, ফুটবল ও দাবাতে আগ্রহী ছিলেন। কিন্তু তার মন বাঁধা ছিল গানের সুরে। বিবার নিজে নিজেই গিটার, ড্রাম ও পিয়ানো বাজানো শেখেন। ২০০৭ সালে বিবার স্থানীয় এক অনুষ্ঠানে গান পরিবেশন করে দ্বিতীয় স্থান অধিকার করেন। বিবারের মা ম্যালেট বিবারের সেই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। ম্যালেট বিবারের অন্য গানগুলোও ইউটিউবে আপলোড করতে থাকেন। ইউটিউবের ভিডিওগুলোই বিবারকে জনপ্রিয়তা করে তোলে। জাস্টিন বিবারের বয়স শুনে যারা ভ্রু বাঁকা করেন তাদের তার সম্পর্কে শুধু এইটুকু জানালেই হবে যে, গত বছর সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডের দুটো বিভাগে জাস্টিন বিবার মনোনয়ন পেয়েছিলেন। অথচ জাস্টিন বিবারের আন্তর্জাতিক সংগীতের ব্যাপ্তিকাল মোটে ৩ বছর। এ অল্প সময়েই জাস্টিন বিবার জয় করেছে ডজন খানেকেরও বেশি অ্যাওয়ার্ড। ২০১০ সালের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে জাস্টিন বিবার বর্ষসেরা শিল্পীর পুরস্কার অর্জন করেন। বিশ্বব্যাপী জাস্টিন বিবারের ভক্তের সংখ্যা অসংখ্য। জাস্টিন বিবারের ‘বেবি’ ও ‘ওয়ান টাইম’ গান দুটির জনপ্রিয়তা এতই বেশি যে, ইউটিউবে গান দুটির হিট সংখ্যা অবিশ্বাস্য। জাস্টিন বিবারই প্রথম শিল্পী, যার ২০০৯ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’-এর সাতটি গানই বিলবোর্ড হিট হান্ড্রেড তালিকায় স্থান করে নেয়। বিবারের প্রথম পূর্ণ অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’ ২০১০-এর ২৩ মার্চ প্রকাশিত হয়। অ্যালবামটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে এবং বেশ কয়েকটি দেশে শীর্ষ দশে স্থান করে নেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম সনদে ভূষিত হয়। এই অ্যালবামের ‘বেবি’ গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও এখন পর্যন্ত সর্বাধিক প্রদর্শিত, আলোচিত এবং অপছন্দেরও বটে। বিবারের পরবর্তী অ্যালবাম ‘নেভার সে নেভার—দ্য রিমিক্সেস’। এটি প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০১১ সালে। সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে টেইলর সুইফট এবং জাস্টিন বিবার জিতে নিয়েছেন তিনটি করে সম্মাননা। যুক্তরাষ্ট্রের বাইরে এটিই সবচেয়ে বড় পপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিবার-ভক্তদের জন্য আরও একটি মজার খবর হলো ইনস্টাগ্রাম। সম্প্রতি কানাডিয়ান এ কিশোর পপ তারকা আইফোন ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেছেন। সম্প্রতি এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রথম একটি ছবি শেয়ারের কথা টুইট করেছেন তিনি। জাস্টিন বিবার ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর থেকেই এই সাইটটিতে তার অনুসারী বাড়ছে। জানা গেছে, প্রতি মিনিটে ৫০ জন করে অনুসারী বাড়ছে তার। উল্লেখ্য, ইনস্টাগ্রামে ৫০ লাখ ব্যবহারকারী রয়েছে। আর জানাশোনা তারকাদের মধ্যে বিবারই প্রথম এ সাইটটি ব্যবহার শুরু করলেন। ইনস্টাগ্রাম হলো সানফ্রান্সিসকোভিত্তিক ছোট একটি ফটোশেয়ারিং সাইট। জানা গেছে, ইনস্টাগ্রামে জাস্টিন বিবারের পোস্ট করা একটা ছবিতেই ইতোমধ্যে ৮০০ লাইক এবং ৫ হাজার ফলোয়ার জুটেছে। তিনি লস অ্যাঞ্জেলসের রাস্তার একটি ছবি পোস্ট করেছেন।