২০১২ সালের আলোচিত নতুন মুখ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১৫
বছরের শুরুর দিকে সুন্দরী ব্রিটিশ মডেল এবং বিউটি কুইন এমি জ্যাকসন রোমান্টিক ছবি ‘এক দিওয়ানা থা’র মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার দুর্ভাগ্য, হিন্দি সিনেমায় অভিষেকটা মোটেও ভালো হয়নি। এমির প্রথম হিন্দি ছবি সুপার ফ্লপ হলেও তার সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছে। অভিনয়েও তাকে সম্ভাবনাময়ী মনে হয়েছে। ‘ফেয়ার অ্যান্ড লাভলী’খ্যাত সুন্দরী মডেল ইয়ামি গৌতম আগেই ঘরে ঘরে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন। অভিনেত্রী হিসেবেও তিনি বাজিমাত করেছেন প্রথম অভিনীত বলিউডি সিনেমা ‘ভিকি ডোনার’-এ। ছবিটি বক্স অফিসে চমত্কার সাফল্যের প্রমাণ দিয়েছে। অভিনেত্রী হিসেবে ইয়ামি গৌতম যথেষ্ট সম্ভাবনাময়। ইতোমধ্যে বলিউডের অনেক ডাকসাইটে চিত্রনির্মাতার মনোযোগ আকর্ষণ করেছেন। হয়তো আগামীতে ইয়ামি বলিউডে ভালো একটি অবস্থান গড়ে নিতে পারবেন।
‘জান্নাত টু’ ছবির মাধ্যমে এ বছর হিন্দি সিনেমায় অভিষেক হয়েছে এশা গুপ্তার। ২৬ বছর বয়সী এশা ২০০৭-এ ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছিলেন। কিংফিশার সুইম স্যুট ক্যালেন্ডারে মডেল হয়েও সবার মনোযোগ আকর্ষণ করেছেন আগেই। ‘জান্নাত টু’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে নায়িকা হিসেবে প্রথম পর্দায় উপস্থিত হয়ে শুরুতেই দর্শকদের মন জয় করেছেন এশা। স্রেফ আবেদনময়ী নায়িকা নন, তার অভিনয়েও সম্ভাবনার উজ্জ্বল চমক রয়েছে। এ বছরেই তার আরও দুটি ছবি ‘রাজা থ্রি’ ও ‘চক্রব্যূহ’ বেশ ভালো ফলাফল করেছে বক্স অফিসে। ভাট ব্রাদার্স তাকে নতুন আরেকটি ছবিতে কাস্ট করেছে ইতোমধ্যে।
‘ককটেল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সুন্দরী মডেল ডায়ানা পেন্টির। প্রথম অভিনীত ছবিতেই সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনের পাশে সমান্তরাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। ডায়ানা তাদের চেয়ে কোনোভাবেই কম নন অভিনয়ে, রুপালি পর্দায় অভিনেত্রী হিসেবে দর্শক শুরুতেই তাকে দারুণভাবে গ্রহণ করেছে। ‘ককটেল’ ছবিতে মীরা চরিত্রে চমত্কার অভিনয়ের জন্য সেরা নতুন মুখের অভিনেত্রী কিংবা অন্য যেকোনো ক্যাটাগরিতে ডায়ানা পুরস্কার পাবেন—তেমনটি ধরে নিয়েছেন সবাই।
এ বছরের অন্যতম সাড়া জাগানো ব্যবসা সফল ও প্রশংসিত ছবি ‘বারফি’র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তামিল তেলগু সিনেমার ব্যস্ত জনপ্রিয় নায়িকা ইলিয়ানা ডি ক্রুজের। মুম্বাইয়ের মেয়ে ইলিয়ানা ‘বারফি’ ছবিতে একজন অভিজ্ঞ অভিনেত্রীর মতো কাজ করেছেন। এ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে সুন্দর অভিনয় করেছেন তিনি। এরমধ্যে শহিদ কাপুরের সঙ্গে নতুন ছবি ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ ছবির কাজ শুরু করেছেন তিনি। দক্ষিণী সিনেমা জগত্ ছেড়ে বলিউডে স্থায়ী আবাস গড়তে চাইছেন ইলিয়ানা বর্তমানে।
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয়েছে আলিয়া ভাটের। মাত্র ১৯ বছর বয়সী সুন্দরী এই তরুণী প্রথম অভিনীত ছবির বিরাট সাফল্যের সুবাদে এর মধ্যেই ‘সেনসেশন অব দ্য ইয়ার’-এ পরিণত হয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট কন্যা আলিয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে নিজেকে যথেষ্ট আকর্ষণীয় ও আবেদনময়ীরূপে উপস্থাপনের পাশাপাশি একজন মেধাবী অভিনেত্রী রূপেও যোগ্যতার পরিচয় দিয়েছেন। মাত্র একটি ছবিতে নায়িকা সেজে তরুণ বয়সী কোটি দর্শকের হার্ট থ্রবে পরিণত হয়েছেন আলিয়া। ২০১২-এর সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রীর পুরস্কার অলিয়া ভাট পাচ্ছেন—তেমন আলোচনা এখন বেশ জমে উঠেছে।
কলকাতার আধুনিক সাহসী বাংলা সিনেমায় ঝড় তোলা শ্যামাঙ্গিনী আবেদনময়ী অভিনেত্রী পাওলি দামেরও অভিষেক হয়েছে, এ বছর বলিউডে। ‘হেট স্টোরি’ ছবিতে পাওলির দুর্দান্ত সাহসী পারফর্মেন্স বলিউডে কাঁপন সৃষ্টি করেছে। সাহসী ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জিং নারী চরিত্রের জন্য বলিউডের অনেক নির্মাতাই এখন পাওলির কথা ভাবছেন। চলতি বছরেই বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পর্নো তারকা সানি লিওনের। হিন্দি চলচ্চিত্রের আলোচিত নির্মাতা মহেশ ভাটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ‘জিসম টু’ ছবির মাধ্যমে সানি লিওন হিন্দি সিনেমায় অভিনেত্রীরূপে আত্মপ্রকাশ করেছেন। ‘জিসম টু’র পর এখন তিনি একতা কাপুর প্রযোজিত ‘রাগিনী এমএমএস’ ছবির সিক্যুয়েলে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন।
ভিন্ন ধাঁচের হিন্দি ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর দুটি পর্বেই দেখা গেছে নবাগতা নায়িকা হুমা কোরাইশিকে। সুন্দরী হুমা যথেষ্ট সম্ভাবনাময়—প্রথম অভিনীত ছবিতেই প্রমাণ করেছেন। শ্রীদেবী অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে নতুন মুখ হিসেবে তার পাশে সুন্দরী মেধাবী তন্বী অভিনেত্রী প্রিয়া আনন্দকে দেখা গেছে। নতুন মুখের, অভিনেত্রী হলেও প্রিয় আনন্দ দর্শকদের মুগ্ধ করেছেন। ‘আজবগজব লাভ’ ছবিতে তেমনি আরেক দক্ষিণী অভিনেত্রী নিদি সুব্বাইয়া নায়িকা চরিত্র রূপায়নের মাধ্যমে বলিউডে পদচারণা শুরু করেছেন।