অনামিকা

ভালোবাসার উপর অশুভ ছায়া

ভৌতিক কাহিনীনির্ভর হরর টিভি সিরিয়াল হয়েছে অনেক। ‘আহাত’, ‘শ-শ-শ-কোই হ্যায়’, ‘আনহোনি’, ‘জি হরর শো’ ধাঁচের হিন্দি টিভি সিরিয়ালগুলো একসময় দর্শকদের আলাদাভাবে আবিষ্ট করে রেখেছিল। তখন অধিকাংশ হিন্দি টিভি চ্যানেলে আলাদাভাবে হরর টিভি সিরিয়ালের আয়োজন থাকত। আজকাল অবশ্য তেমনভাবে হরর ধাঁচের সিরিয়াল দেখানো হয় না টিভি চ্যানেলগুলোতে। সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া নতুন সিরিয়াল ‘অনামিকা’ মূলত ফ্যামিলি ড্রামানির্ভর রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে আবর্তিত হলেও তাতে অতিপ্রাকৃত ঘটনা ও চরিত্রের উপস্থিতি দর্শকদের জন্য ভিন্ন চমক বয়ে এনেছে। পারিবারিক ঘটনাবহুল এক প্রেমিক-প্রেমিকা যুগলের রোমান্টিক গল্পে রহস্যময়ী নারী অনামিকার পদচারণা এবং তার ভৌতিক কর্মকাণ্ড দর্শকদের রোমাঞ্চিত করছে। গতানুগতিক ফ্যামিলি ড্রামার মধ্যে ভৌতিক ঘটনার সৃষ্টি বাড়তি সাসপেন্স ও থ্রিল সৃষ্টি করেছে দর্শকদের জন্য—এটা একটি নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে দর্শকদের কাছে। ‘অনামিকা’ সিরিয়ালে প্রেমিক-প্রেমিকা যুগলের ভূমিকায় অভিনয় করেছেন মুদিত নায়ার ও অ্যানি গিল। জিত চরিত্রে রূপদানকারী মুদিত নায়ার এর আগে স্টার প্লাস চ্যানেলের ‘তেরি মেরি লাভ স্টোরিজ’-এর একটি এপিসোড প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন। এ ছাড়া বেশ কিছু অ্যাডে মডেল হিসেবে তার উপস্থিতির কারণে ছোট পর্দার দর্শক তাকে চেনে ভালোভাবেই। অ্যানি গিলের আগে ইমাজিন টিভি চ্যানেলের ‘জোর কা জাটকা’ সিরিয়ালে কাজ করেছেন। রহস্যময়ী নারী অনামিকা চরিত্রে অভিনয় করছেন সিমরান কাউর। কালারস টিভি চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘না আনা ইস দেশ লাডো’ সিরিয়ালে দিয়া চরিত্রে অভিনয়ের সুবাদে ঘরে ঘরে তার পরিচিতি রয়েছে। এবার অনামিকা চরিত্রে তার রহস্যময় ভৌতিক পর্দা উপস্থিতি দর্শকদের কাছে সিমরানকে ভিন্নভাবে উপস্থিত করেছে। এই সিরিয়ালে নায়ক জিতের বক্সিংয়ে জোরালো প্রতিদ্বন্দ্বী ভিকি চরিত্রে অভিনয় করছেন ভিনেত কুমার। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া নতুন হিন্দি সিরিয়াল ‘অনামিকা’ সনি টিভি চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে আটটায় দেখানো হয়।