মন্তব্য

‘বিয়ের পর ৩ মাস কাজ করিনি। এত দিন সংসার গোছানোর কাজে ব্যস্ত ছিলাম। এখন থেকে নিয়মিত কাজ করব।’ মডেল অভিনেত্রী হাসিন রওশন হানিমুন ও সংসার সাজানো নিয়ে ব্যস্ততার পর আবার কাজ শুরু করার প্রসঙ্গে বলেন। ‘আমি “উটপাখির ডিম” অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে আমাদের সমাজের আর্থসামাজিক অবস্থার কথা বলতে চেয়েছি। এ ছাড়া গানের কথার মাধ্যমে নানা বৈষম্যের বিষয়গুলোও তুলে ধরেছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ সংগীতশিল্পী শাহেদ প্রায় তিন বছর পর প্রকাশিত নতুন অ্যালবাম ‘উটপাখির ডিম’ প্রসঙ্গে বলেন। ‘দু’ফোঁটা পোলিও টিকা দেওয়া হলো আরাধিয়াকে, সরকারি কর্মকর্তারা এর সাক্ষী। আমি মুখে যা প্রচার করি ব্যক্তিগত জীবনেও তা মেনে চলি।’ বলিউডের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন ৮ নভেম্বর রাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছেন। ‘হাসতে সবার ভালো লাগে। এ অনুষ্ঠানটি শুধু হাসির জন্যই নির্মিত হবে। আমি যখন অনুষ্ঠানটির বিচারকের দায়িত্ব পালনের প্রস্তাব পেলাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আর যা-ই হোক, সামনে থেকে তো হাসির অংশীদার হতে পারব।’ অভিনেত্রী নিপুণ রিয়ালিটি শো ‘হা-শো’র বিচারকের দায়িত্ব পালনে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে বলেন।