স্পোর্টস রিপোর্টার
নিজের বাজে ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বকাপের আগে বাকি সময়টায় ব্যাটিং নিয়ে কাজ করতে চান দক্ষিণ আফ্রিকান তারকা হাশিম আমলা। সেই উদ্দেশ্যে তিনি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের বাকি ম্যাচগুলোতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতি দিয়ে আমলা জানিয়েছেন, তিনি কেপ কোবরার হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন না।
আমলা তার বিবৃতিতে বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের বাকি ম্যাচগুলোতে কেপ কোবরার হয়ে আমাকে আর পাওয়া যাবে না। আমি কোবরার সব কোচিং স্ট্যাফ ও দলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ, তারা আমাকে এই অবস্থায়ও গত তিন সপ্তাহ যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন।’
প্রথম পর্বে কোবরার আর একটাই ম্যাচ বাকি আছে। তারা এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে। অনায়াসে তারা সেমিফাইনাল খেলার আশা করতে পারছে।
শুরুতে আমলা চেয়েছিলেন বিশ্বকাপের আগে কিছু কাউন্টি ম্যাচ খেলবেন। কিন্তু পরে বাবার অসুস্থতা ও ছোট ফরম্যাটে নিজের সাম্প্রতিক ফর্মহীনতা মিলিয়ে তিনি দেশে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেন। আমলার বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ আছেন। আমলা এই সময় বাবার কাছাকাছি থাকতে চেয়েছে।
এর মাঝে কোবরার একটি ম্যাচ মিস করে বাবাকে দেখতে ডারবান ফিরেও গিয়েছিলেন আমলা। অবশ্য নাইটসের বিপক্ষে ব্লুমফন্টেইনে সেই ম্যাচ বাজে আবহাওয়ার জন্য এমনিতেই পরিত্যক্ত হয়েছিল। এরপর ফিরে এসে আমলা টাইটান্স ও লায়ন্সের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ১০ রান করেছেন।
কোবরা ইতিমধ্যে পাঁচ ম্যাচ জিতে ভালো অবস্থায় আছে। কিন্তু আমলা এর মধ্যে যে আটটা ম্যাচ খেলেছেন, সেখানে তার অবস্থা খুব ভালো ছিল না। ৮৩.৬৩ স্ট্রাইকরেটে মাত্র ৯২ রান করতে পেরেছেন তিনি। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ৩২। তবে দুই একটা ম্যাচে তার ঝলকটা দেখা গেছে। যাতে মনে করা যেতে পারে যে, গত বছরের ফর্মখরা আমলা কাটিয়ে উঠতে পারেন।
গত এক বছর ধরে বাজে ফর্মের মধ্যে থাকার পরও বিশ্বকাপের জন্য আমলার ওপর বাজি রেখেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। আর দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকা দল একত্রিত হয়ে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। ক্যাম্প শুরুর আগের এই সময়টায় নিজের ব্যাটিংয়ে ‘ফাইন টিউন’ করে নিতে চান বলে বলেছেন আমলা।