উদ্যোক্তা চিহ্নিত করতে পৌর মেয়রদের চিঠি দিলো কেন্দ্রীয় ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করতে এবার সব পৌর মেয়রকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে একই বিষয়ে দেশের সব জেলার ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী চেম্বার ও জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছিল। এছাড়া দুটি মোবাইল অপারেটরের গ্রাহকদের এসএমই ঋণ গ্রহণে উত্সাহিত করতে এসএমএস পাঠানো হয়। সমপ্রতি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশের সব পৌর মেয়রকে পাঠানো চিঠিতে এসএমই উদ্যোক্তা নির্বাচন ও শিল্প ক্লাস্টার চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংককে জানানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এসএমই ঋণ সংক্রান্ত তথ্যের অভাবে এ খাতের অনেক উদ্যোক্তা চড়া সুদে মহাজনি ঋণ নিয়ে ব্যবসা করছেন। অথচ সে তুলনায় অনেক কম সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা জানান, এসএমই ঋণ সংক্রান্ত তথ্য জানাতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগে একটি ডেস্ক স্থাপন করা হয়েছে। যেখানে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৫১১৩২০ নম্বরে টেলিফোন করে উদ্যোক্তারা সব তথ্য জানতে পারেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্য স্টেকহোল্ডাররা সহযোগিতা করছেন। স্থানীয় প্রতিনিধি হিসেবে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানরা উদ্যোক্তা ও ক্লাস্টার নির্বাচনে সহযোগিতা করলে তা আরো সহায়ক হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব উেসর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ১০ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তারা ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ পাবেন।