প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাপানের ৪৯ কোটি টাকা অনুদান
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০৩
বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচি-৩ বাস্তবায়নের জন্য জাপান সরকার অনুদান সহায়তা হিসেবে ৫শ’ মিলিয়ন জাপানী ইয়েনের সমপরিমাণ, যা প্রায় ৪৯ কোটি ১৯ লাখ টাকা প্রদান করবে। এ লক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি চুক্তি ও বিনিময় নোট স্বাক্ষরিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটির কার্যক্রম ২০১১ থেকে ২০১৬ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় জাপানের অনুদানের অর্থ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের লক্ষে শিক্ষা খাতে ব্যয় করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র অতিরিক্ত সচিব মোহাম্মদ সফিকুল আজম চুক্তিতে স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা বিনিময় নোট এবং ঢাকায় নিয়োজিত জাইকার প্রধান প্রতিনিধি তাকাও টোডা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষার মান উন্নয়ন এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এছাড়া এ কার্যক্রমের আওতায় শিক্ষার মানোন্নয়নের জন্য গণিত ও বিজ্ঞান শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিও সরবরাহ করা হবে।