ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন বেড়েছে
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০৩
গতকাল দেশের শেয়ারবাজারে ব্যাংকিং খাতে লেনদেনের আধিক্য দেখা গেছে। সেই সাথে বেড়েছে সব ব্যাংকের শেয়ারের দর। একটি ব্যাংকের শেয়ারের দর ছিল অপরিবর্তিত। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুধু ব্যাংকিং খাতেই লেনদেন হয়েছে ৬৭ কোটি ১৬৪ লাখ টাকার শেয়ার। এতে বাজারের মোট লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ডিসেম্বরের পর থেকে ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের ঘোষণা আসতে শুরু করে। তাই ধীরে ধীরে ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৯৯ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৭৭৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৩৩ লাখ টাকা বেশি। ২৬৮টি কোম্পানির ৬ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৪২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। লেনদেনকৃত ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, ইউসিবিএল, জেনারেশন নেক্সট, পূবালী ব্যাংক, এনবিএল, সিটি ব্যাংক, বিএসসিসিএল ও এক্সিম ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, যমুনা ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক, পূরবী জেনারেল ও এফবিএফআইএফ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ৭ম আইসিবি, আইসিবি ৩য় এনআরবি, এইমস ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ২য় এনআরবি, আরামিট, গ্রামীণ ১, জেনারেশন নেক্সট, পাইওনিয়ার্স ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৮৪২ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৫১ লাখ ৬ হাজার ৬৪৩ টাকা বেশি। লেনদেনকৃত ১৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। বাজারে মোট ১৭৩টি কোমপানির ১ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৬৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে।