রোনালদোর ৬০০

স্পোর্টস ডেস্ক

পুরো ক্যারিয়ার জুড়েই অনন্য সব অর্জন এসে লুটিয়ে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ে। এবার ইন্টার মিলানের বিপক্ষে লক্ষ্যভেদ করে নিজের ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই জুভেন্তাস ফরোয়ার্ড।

ইন্টারের মাঠে প্রতিপক্ষ মিডফিল্ডার রাদজা নাইনগোলানের গোলে শুরুতেই পিছিয়ে পড়া জুভেন্তাসকে ৬২ মিনিটে গোল করে সমতায় ফেরান তিনি। ২০ গজ দূর থেকে করা এই গোলটি তাকে পৌঁছে দেয় ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলকে। ৫৯৮ গোল নিয়ে তার একধাপ পেছনে আছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে মেসির মত রোনালদোর সব গোল একই ক্লাবের জার্সিতে আসেনি। রোনালদোর এই ৬০০ গোলের ৪৫০টি এসেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোলও আছে তার। এ মৌসুমেই ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পাড়ি জমানো এই পর্তুগীজ বিয়েঙ্কোনেরিদের হয়ে সব প্রতিযোগিতায় ৩৪ ম্যাচ থেকে ২৭ গোল করেছেন।

বড় অংকের অর্থ ব্যয় করে রোনালদোকে দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য না মিললেও সিরি আ শিরোপা ঠিকই ধরে রেখেছে জুভেন্তাস। ২৮ ম্যাচে ২০ গোল করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দারুণ ভূমিকা রেখেছেন দলের টানা অষ্টম শিরোপা জয়ে। এর আগে জানুয়ারিতে জেদ্দায় অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপে এসি মিলানের বিপক্ষেও গোল করেছিলেন পর্তুগীজ তারকা। জাতীয় দলের হয়েও দারুণ সফল রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে ৮৫ গোল করেছেন তিনি, হ্যাটট্রিক করেছেন পাঁচটি। ৮৫ গোলের শেষটি এসেছিল গেল গ্রীষ্মে রাশিয়ায় ফুটবলের বিশ্বআসরে। মরক্কোর বিপক্ষে সেই গোলটি নকআউট পর্বে পৌঁছুতে দারুণ সাহায্য করেছিল পর্তুগালকে।