শচিনকে আকরামের পরামর্শ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫১
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, শচিন টেন্ডুলকারের মত একজন তারকা খেলোয়াড়কে অবসরে যেতে বলা যেহেতু নির্বাচকদের জন্য কঠিন ব্যাপার তাই তার নিজেরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো উচিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে পর পর দুই টেস্টে ভারতীয় দলের পরাজয়ের পর শচিনের উপর চাপ আরো বেড়ে গেছে উল্লে¬খ করে আকরাম বলেন, ‘দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানটি যখন প্রায় দু’বছর যাবত্ কোন টেস্ট সেঞ্চুরি না পায় তখন প্রশ্নতো উঠবেই। রিকি পন্টিং যেমনটা করেছেন, ঠিক তেমনিভাবে তোমার নিজের চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। প্রশ্ন হলো— বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কে এই প্রশ্ন তুলবে? ধোনির নেতৃত্ব নিয়ে সাবেক ক্রিকেটাররা প্রকাশ্যেই আজ প্রশ্ন তুলছেন।’
তিনি আরো বলেন, ‘একজন টেন্ডুলকারের বিষয়ে কি আপনি এমনটা বলতে পারেন? সৌরভ গাঙ্গুলির মত অনেক লোকই মনে করছেন তার এখন অবসর নেয়া উচিত। কিন্তু শচিন নিজে হয়তো আরো ছয় মাস খেলা চালিয়ে যেতে চান। শচিনের মত একজন কিংবদন্তী খেলোয়াড়কে পরামর্শ দেয়াটা কঠিন।’ টেন্ডুলকারের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে একটা সঠিক উত্তর পেলে তার যথাযথ বদলি হিসেবে কাউকে খুঁজে নেয়ার জন্য জাতীয় দল নির্বাচকদের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে বলেও জানান আকরাম।
তিনি বলেন, ‘পরিবর্তন হতে হবে খুব সতর্কভাবে। অতি দ্রুত বা মাথা গরম করে লাইনআপে পরিবর্তন আনা ঠিক হবে না। কিন্তু দলের মিডল অর্ডারে কিছু নতুন মুখ দরকার এবং তার ভবিষ্যত্ পরিকল্পনা কিংবা সে কতদিন খেলা চালিয়ে যেতে চান সে ব্যাপারে শচিনের সঙ্গে কেউ একজনের কথা বলা দরকার।’
একটি সঠিক উত্তর পেলে ভারতীয় নির্বাচকরা একটি বদলি হিসেবে কাউকে খুঁজে নিতে পারবে বলে জানান আকরাম। শচিনের জায়গায় নিজে থাকলে তিনি এখন বিদায় নিতেন বলে জানান আকরাম। কেননা অর্জনের কিছুতো এখন আর শচিনের বাকী নেই। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেটে শচিনের অভিষেক হয়েছিল তখন কেউই ভাবেনি এ খেলোয়াড়টি একদিন ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করবে, ব্যাটিংয়ের সকল রেকর্ড ভেঙ্গে ফেলবে। এমন অবস্থায় থাকলে এখনই আমি বিদায় নিতাম। কারণ অর্জনের আর কিছু বাকি নেই।’—বাসস