চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ আবারো শীর্ষে বিসিআইসি

বিসিআইসি ওশেন শীপবিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে চলতি প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পেয়েছে। গতকাল বুধবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ ১-০ গোলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয়ী হয়। ফলে বিসিআইসি চলতি লিগে চার খেলা শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েণ্ট নিয়ে আবারো সিটি কর্পোরেশনের সাথে পয়েণ্ট তালিকার শীর্ষে উঠে এল। অপরদিকে কোয়লিটি সমসংখ্যক খেলা শেষে দুটি করে হার ও ড্রয়ের পর দুই পয়েন্ট পেল। খেলার একমাত্র গোলটি করে বিসিআইসি’র বিদেশি রিক্রুট উনসি চারলি (১-০)। বিসিআইসি ক্রীড়া সংসদ : রেজওয়ান সৈনিক, সানোয়ার (অধিনায়ক), ইলেকা লাকী, জমির, টুটুল, আনোয়ার, সৈকত, কাকন, আতুবা, বিপ্লব (রোমল), উনসি চারলি। কোয়লিটি স্পোর্টস ক্লাব : সাব্বির, আরিফ, আব্বাস, সাদ্দাম, জহির, সুফল, সরফরাজ, বাবলু (রাহেল), মাহাবুব (অধিনায়ক), তাইপুর, মোসেস। আজকের খেলা : শতদল ক্লাব বনাম মাদারবাড়ি উদয়ন সংঘ বিকাল ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামে। চট্টগ্রামে লিবার্টি ভলিবল লিগের উদ্বোধন মোহামেডান ব্লুজ, রাইজিং স্টার ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন গতকাল বুধবার থেকে শুরু হওয়া চট্টগ্রাম লিবার্টি ভলিবল লিগের উদ্ধোদনী দিনের খেলায় জয়ী হয়েছে। এই লিগে ১৩টি দল অংশ নিচ্ছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে মোহামেডান ব্লুজ ৩-০ সেটে পাঁচলাইশ যুব গোষ্ঠীর বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে রাইজিং স্টার ক্লাব ৩-০ সেটে চন্দনপুরা ক্রীড়া সংস্থাকে এবং সর্বশেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন একই ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে এগিয়ে যায়। সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ভলিবল লিগের উদ্বোধন করেন। লিগ কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও সম্পাদক অহিদ সিরাজ স্বপন বক্তব্য রাখেন।