উলিপুরে সড়ক সংস্কার
না হওয়ায় জনদুর্ভোগ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫২
কুড়িগ্রামের উলিপুরে এলজিইডির অর্থায়নে নির্মিত গ্রামীণ পাকা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের অধিকাংশই একযুগেও সংস্কার না হওয়ায় এর খোয়া,পাথর উঠে বিশাল বিশাল খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা সদরের সাথে ইউনিয়নগামী সংযোগ সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সড়কগুলোর বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তবে এসব দেখার যেন কেউ নেই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৭৭২ কি.মি. গ্রামীণ সড়ক জনগণের চলাচলের সুবিধার্থে এবং যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে আইডিভুক্ত করেন। অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার এসব সড়কের ১০৪ কি.মি.পাকা করে। এরমধ্যে উপজেলা সংযোগ সড়কের ৫২.৫ কি.মি., ইউনিয়ন সংযোগ সড়কের ৩৯.২ কি.মি., গ্রামীণ ‘এ’ টাইপ সড়কের ১৩.১ কি.মিটার পাকা করা হয়। কিন্তু গ্রামীণ ‘বি’ টাইপ সড়কের ১০৮.৭৫ কি.মিটার রাস্তা আইডিভুক্ত থাকলেও তা এখনও পাকা করা হয়নি। উপজেলা প্রকৌশলী মাসুদ রানা ইত্তেফাককে বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না আসায় এসব সড়কের সময়মত সংস্কার করা যাচ্ছে না।