মহেশখালীর ফায়ার স্টেশন চার বছরেও নির্মাণ হয়নি

মহেশখালী উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষের জন্য নির্মিতব্য ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ অর্থাভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। ফলে অগ্নিকাণ্ডের ক্ষতির ঝুঁকির মধ্যে রয়েছে দ্বীপ উপজেলার ৪ লক্ষ মানুষ। প্রকাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে মহেশখালী পৌর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজের দায়িত্ব দেয় গণপূর্ত বিভাগকে। গণপূর্ত বিভাগ টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়। ১৮ মাসের কাজ ৪ বছরে শেষ না হওয়ায় অগ্নিনির্বাপক সেবা পাচ্ছে না দ্বীপের মানুষ। ২০০৯ সালে মহেশখালী-কুতুবদিয়ার জাতীয় সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে ৪ বছর পার হলেও এখনো পর্যন্ত মহেশখালী উপজেলার ফায়ার স্টেশনটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। কক্সবাজার গণপূর্ত বিভাগের প্রাপ্ত তথ্যে জানা যায়, মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের ৯০% কাজ সম্পন্ন হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে। বাকি ১০% কাজ শেষ করতে বরাদ্দের ২৩ লক্ষ ৯৬ হাজার টাকা প্রয়োজন। এ টাকা পেতে কক্সবাজার গণপূর্ত বিভাগের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ১৮শ’ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন একটি গাড়িও দেয়া হয়েছে।