বানারীপাড়ায় ভিজিডির চাল ফেরত যাওয়ার উপক্রম

বানারীপাড়ায় ভিজিডি কার্ডধারী ১৯৩২ জন হতদরিদ্র নারীর জন্য বরাদ্দকৃত ৬৩৭.৫৬ টন চাল ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের অযাচিত হস্তক্ষেপ ও ইউপি সদস্যদের কার্ডের বিপরীতে ২ হাজার টাকা করে উেকাচ গ্রহণসহ বিভিন্ন সমস্যার কারণে ভিজিডি কার্ডের তালিকা নিরূপণে হিমশিম খেতে হচ্ছে চেয়ারম্যানদের। ফলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তালিকার জন্য বেঁধে দেয়া ১০ ডিসেম্বরের মধ্যে কোন তালিকা জমা দিতে পারেননি তারা। তালিকা না পাওয়ার কারণে চাল ফেরত যাওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। এ বছর সৈয়দকাঠিসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তালিকায় নাম দিয়ে কার্ড পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে হতদরিদ্র নারীদের কাছ থেকে ২ হাজার টাকা করে আগাম উেকাচ নেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, সমপ্রতি ভুক্তভোগী বেশ কয়েকজন নারী উপজেলা মহিলা বিষয়ক অফিসে এসে উেকাচের বিষয়ে ইউপি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা তালিকা তৈরিতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের অযাচিত হস্তক্ষেপ ও ইউপি সদস্যদের উেকাচ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন । বেঁধে দেয়া সময়ের মধ্যে তালিকা না পাওয়া ও বিভিন্ন অভিযোগের কথা স্বীকার করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিন জানান, জেলা প্রশাসকের দপ্তরে রিপোর্ট পাঠানোর পূর্বে তালিকা পেলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব হবে।