মাগুরার বিজয়স্তম্ভে দুই রাজাকার ও পাঁচ অমুক্তিযোদ্ধার নাম

মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে ৪০ জন শহীদ মুক্তিযোদ্ধার নামের তালিকায় ২ রাজাকার ও ৫ অমুক্তিযোদ্ধার নাম বহাল রেখেই মাগুরার মুক্তিযোদ্ধারা ৪১তম বিজয় বার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। ২০০৪ সালের ১৬ ডিসেম্বর ৪ দলীয় জোট সরকারের আমলে জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল শহরের ভায়নার মোড়ে বিজয়স্তম্ভের উদ্বোধন করেন। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের সঙ্গে আমিনউদ্দিন ও শেখ খাতের আলী নামে সদর উপজেলার ২ রাজাকার এবং শালিখা উপজেলার মোমিনউদ্দিন মোল্যা, আব্দুর রউফ, আকরাম হোসেন, আব্দুল হাকিম ও জাফর আহম্মদ নামে ৫ অমুক্তিযোদ্ধার নাম সংযোজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার ফারুক আহম্মদ জানান, বিজয়স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে সে সময় জেলার মুক্তিযোদ্ধারা এ ঘটনার প্রতিবাদ জানান।পরবর্তীতে বিষয়টি সংশোধনের জন্য একাধিকবার জেলা প্রশাসনকে লিখিতভাবে অনুরোধ করা হলেও কোন ফল পাওয়া যায়নি। গত তত্ত্বাবধায়ক সরকার আমলে মাগুরার মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীরা কালো কালি দিয়ে ২ রাজাকারের নাম ঢেকে দেয়। অন্যদিকে শালিখা উপজেলার যুদ্ধকালীন কমান্ডার শামসুর রহমানসহ সাবেক কমান্ডার মোস্তাজ শিকদার, আবু বক্কার মাস্টার এবং আরো অনেক মুক্তিযোদ্ধা জানান, শালিখায় কোন শহীদ মুক্তিযোদ্ধা নেই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোন তালিকা বা গেজেটের কোথাও শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে তাদের নাম নেই। অথচ বিজয়স্তম্ভে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের নাম সংযোজন করা হয়েছে। এ বিষয়ে মাগুরা জেলা ইউনিট কমান্ডার নবুয়ত আলী মোল্যা জানান, প্রশাসনিক জটিলতার কারণে বিজয়স্তম্ভের ফলক থেকে তাদের নাম বাদ দেয়া সম্ভব হয়নি।