সৈয়দপুরে পাওয়ার টিলার বদলে দিয়েছে গ্রামীণ জীবন

নীলফামারী জেলার সৈয়দপুরের সর্বত্র পাওয়ার টিলারের ব্যবহার বেড়েছে। কৃষি ক্ষেত্রে গরু দিয়ে হালচাষের পরিবর্তে আধুনিক প্রযুক্তি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ চলছে। ফলে হারিয়ে যেতে বসেছে এককালের জনপ্রিয় হালের বলদ। গত কয়েক বছর থেকে এই জনপদে কৃষকদের মধ্যে জমি চাষে পাওয়ার টিলার অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। এখন প্রায় সব গ্রামেই দুই-চারটি করে পাওয়ার টিলার রয়েছে। গ্রামের সম্পদশালী ও মধ্যম শ্রেণীর কৃষকরাই এর মালিক। জমিতে হালচাষের পেছনে যে টাকা লাগে পাওয়ার টিলারে এরচেয়ে অনেক কম খরচ লাগে। কৃষকরা কেউ নিজে, কেউবা ভাড়ায় খাটানো পাওয়ার টিলারে আয়ও হচ্ছে। অল্প খরচে কৃষক তাদের উত্পাদিত ফসল ঘরে তুলতে পারছে এবং লাভবান হচ্ছে।