নওগাঁয় সরকারিভাবে
ধান চাল ক্রয়
শুরু হয়নি
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০২
উত্তরাঞ্চলের শস্যভান্ডার নওগাঁয় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ধানের আশানুরুপ দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমের ধান-চাল বাজারে উঠতে শুরু করলেও সরকারিভাবে এখনও ধান-চাল ক্রয় শুরু না হওয়ায় মধ্যস্বত্বভোগী ফঁড়িয়ারা নিজেরা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
মহাদেবপুরের কৃষক নাসির উদ্দিন জানান, সার, বীজ, কীটনাশক সহজে পাওয়া গেলেও অন্যান্য উপকরণের দাম ছিল অন্য বছরের তুলনায় বেশি। বিশেষ করে যারা অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন তাদের উত্পাদন খরচ একটু বেশি হয়েছে এবার। এবার আমন চাষে জমি তৈরি, সার, কীটনাশক ও মজুরিসহ কৃষকদের বাড়তি টাকা গুণতে হয়েছে। এ বছর প্রতিটি কৃষি শ্রমিককে ২শ’ থেকে ২শ’ ৫০ টাকা দিনমজুরি দিতে হয়েছে।
নওগাঁর- হাটবাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ধানের আমদানি। তবে সরকার এখনও ধান ও চাল ক্রয় শুরু না করায় মজুদদাররা এ সুযোগে তা কম দামে কিনে গুদামজাত করছে। এতে করে উত্পাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এস,এম, নুরুজ্জামান মন্ডল জানান, নওগাঁর সব উপজেলাতে এবার ধানের বাম্পার ফলন হয়েছে, তবে নায্যমূল্য না পাওয়ায় লাভবান হতে পারছে না কৃষক।