যুক্তরাষ্ট্রে শপিং মলে এলোপাতাড়ি গুলি নিহত ২
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৪
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি শপিং মলে মঙ্গলবার একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। পরে আত্মহত্যা করে ওই বন্দুকধারী। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দিন উপলক্ষে মঙ্গলবার ক্লাকামাস টাউন সেন্টার নামের ওই শপিং মলে কেনাকাটার ধুম পড়েছিল। স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে সাদা মুখোশ পরা এক ব্যক্তি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে শপিং মলের ভেতর অতর্কিতে ঢুকে তৃতীয় তলায় ফুড কোর্টের সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আহত অন্যজনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর ‘আমিই গুলি করেছি’ বলে চিত্কার করতে থাকে। এরপর গুলি করে আত্মহত্যা করে ওই বন্দুকধারী। পুলিশ তার পরিচয় পেলেও তা প্রকাশ করেনি। কেন সে মার্কেটে প্রকাশ্যে এভাবে গুলি করল তার কারণও জানা যায়নি।
এ ঘটনায় আতঙ্কিত ক্রেতারা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। অনেকে শপিং মলের বিভিন্ন দোকান ও বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ ও জরুরি চিকিত্সক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বের করে আনেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ কোনো গুলি চালায়নি। বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। চলতি বছর কলোরাডো অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবির প্রদর্শনীর সময় বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়।