ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান ফজলে কবীর, ২-এর ওবায়দুল হাসান

একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। আর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান করা হয়েছে ঐ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে। এছাড়া ট্রাইব্যুনাল-২ এ নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। পরে বিচারপতিরা নিজ নিজ দায়িত্বে যোগদান করবেন। উল্লেখ্য, এটিএম ফজলে কবীর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে ট্রাইব্যুনাল-১ এর সদস্য ছিলেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক গত মঙ্গলবার পদত্যাগ করেন। রাষ্ট্রপতিকে লেখা পদত্যাগপত্র সেদিন বিকালেই আইন মন্ত্রণালয়ে পাঠান তিনি। তার পদত্যাগের কারণে দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠন করা হলো।