তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৭
চূড়ান্ত নোটিস দেয়ার সময় শেষ হওয়ার পরেও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত না দেয়ায় রাজধানীর তিনটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হয়েছে। এরা হলেন ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এবং মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। এমপিও স্থগিত করার পাশাপাশি তাদের এমপিও স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ২০১২ সালের ভর্তিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভর্তি ফি ফেরত বা সমন্বয় করার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।
জানা গেছে, রাজধানীর নামকরা এই তিনটি বিদ্যালয় এবার ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৯ কোটি ৩১ লাখ ২৮ হাজার ১০০ টাকা আদায় করে। এর মধ্যে মনিপুর স্কুলে অতিরিক্ত টাকা আদায় করা হয় ৫ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ১০০ টাকা। এই বিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ কয়েকটি শাখায় তিন হাজার ৫৪ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা অতিরিক্ত নেয়া হয়। বিদ্যালয়টি মূল ক্যাম্পাসসহ এর কয়েকটি শাখায় ৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তি করে। এই বিদ্যালয়ের মুগদা শাখা মোটা অঙ্কের অনুদান নিয়েও শিক্ষার্থী ভর্তি করে বলে অভিযোগ ওঠে। ভিকারুননিসা নূন স্কুলে অতিরিক্ত টাকা নেয়া হয় ৬৮ লাখ ১৭ হাজার ১০০ টাকা।
তুমুল সমালোচনার মুখে বিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত টাকা ফেরত বা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করার জন্য গত জানুয়ারির শেষে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়। কিছু প্রতিষ্ঠান সমন্বয় করলেও উপরোক্ত তিনটি প্রতিষ্ঠান তা করেনি। এ অবস্থায় গত জুলাই মাসের শুরুতে মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই তিনটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত টাকা ফেরত বা সমন্বয়ের জন্য এক মাসের সময় দিয়ে নোটিস দেয়। শিক্ষা মন্ত্রণালয় বার বার তাগাদা দেয়ার পরেও তারা সর্বশেষ যে জবাব দেয় তা মন্ত্রণালয়ের কাছে সন্তোষজনক মনে হয়নি।