তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না :তোফায়েল

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য যারা আন্দোলনের নামে সন্ত্রাস করছে তাদেরকে ইতোমধ্যেই জনগণ প্রতিহত করা শুরু করেছে। উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। গতকাল বুধবার ভোলা নতুনবাজার চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃদ্বয় একথা বলেন। তীব্র কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কাউন্সিল ও ডেলিগেট ছাড়াও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে সমাবেশ বিরাট জনসভায় রূপ নেয়। আমির হোসেন আমু বলেন, বিরোধী দলীয় নেত্রী ভারতে গিয়ে একরকম কথা বলে আবার বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মন্ত্র নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে দেশে সন্ত্রাস অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করছেন। তাদের সে চেষ্টা সফল হবে না। তিনি বলেন, কুইক রেন্টাল আছে বলেই দেশে বিদ্যুত্ সমস্যা দ্রুত সমাধান করে খাদ্য উত্পাদন বৃদ্ধিসহ জনগণের বিদ্যুত্ চাহিদা মেটানো সম্ভব হয়েছে। বিদ্যুত্ আছে বলেই সকল ক্ষেত্রে উত্পাদন স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। তোফায়েল আহমেদ এমপি বলেন, পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী শক্তি ও বিএনপির এই হরতাল। তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ’৭১-এ এদেশের মানুষ যেভাবে গর্জে উঠে স্বাধীনতা এনেছিল, তেমনি আরও একবার জনগণ তাদের রুখে দেবে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগের জন্ম হয়েছে জনগণের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক বাহাউদ্দিন নাসিম বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম হারুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম গোলদার, আফসারুজ্জামান মনোয়ার, আব্দুল আজিজ প্রমুখ।