ইবিতে আন্দোলন নিয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক সমিতি ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এমতাবস্থায় ভারপ্রাপ্ত ভিসি ট্রেজারার প্রফেসর ড. শাহজাহান আলী গতকাল বুধবার ক্যাম্পাসে অফিস করতে গিয়ে বেকায়দায় পড়েন। শিক্ষক সমিতি তার কাজে বাধা দিলে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকরা তার পক্ষ নেন। এক পর্যায়ে শাপলা ফোরামের সদস্য প্রফেসর ড. আনওয়ার হোসেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. শীলনকে ঘাড় ধাক্কা দেন। তাছাড়া শাপলা ফোরামের আরেক সদস্য প্রফেসর ড. লোকমান হেকিম বঙ্গবন্ধু পরিষদের সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমানকে উদ্দেশ্য করে ন্যক্কারজনক আচরণ করেছেন বলে মাহবুবুর রহমান জানান। এসময় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। পরে শিক্ষক সমিতির অন্য সদস্যরা এসে দুই গ্রুপের সদস্যদের দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্তিতি শান্ত করেন। এ ঘটনার জন্য উভয় গ্রুপ একে অপরকে দায়ী করেছে।