সীতাকুণ্ডে সম্রাট হত্যা মামলার আসামি শহীদসহ ১০ জন জেলহাজতে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে যুবলীগ নেতা সম্রাট হত্যা মামলার আসামিরা জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে শহীদসহ ১০ জনকে জেলহাজতে পাঠিয়েছে। জানা যায়, গতকাল রবিবার বেলা ১১টায় আসামিরা চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের সকলের জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠায়। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলো—মো. শহীদ ওরফে ডাকাত শহীদ (৩০), রুবেল (২৮), জুয়েল (২২), জয়নাল (২৩), সাহাবুদ্দীন (২৮), লিটন (৩২), রুমন (২৮), সাজ্জাদ (২১), হূদয় (২৩) ও নুরুদ্দিন (২৪)।

জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সম্রাট হত্যার আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করায় এলাকায় স্বস্তি ফিরে আসে। এলাকার প্রবীণ ব্যক্তি মো. ওমর ফারুক ও মো. প্রদীপ মণ্ডল জানান, আসামিরা স্থানীয় বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছিল।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পৌরসদরস্থ কলেজ রোড সংলগ্ন ভোলাগিরি রোডের মাথায় ১৫/২০ জন সন্ত্রাসী যুবলীগ নেতা দাউদ সম্রাটকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।