পার্বত্য অঞ্চলে সওজের জেলা সড়ক

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জেলা সড়কসমূহ আগামী বছরের জুলাই মাসে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী জুলাই থেকে পার্বত্য তিনটি জেলায় অবস্থিত বিআরটিএ’র অফিসসমূহও সংশ্লিষ্ট জেলা পরিষদের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত হয়। তিনটি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন আঞ্চলিক ও জাতীয় মহাসড়কসমূহ যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ সংরক্ষণ করবে। সভায় অন্যান্যের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।