হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে হবিগঞ্জ জেলা জজের সভাকক্ষে জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে অন্তরায় ও এর সমাধান, সংশ্লিষ্ট কোর্টের কার্যাদি পর্যালোচনা, তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে অন্তরায়সমূহ দূরীকরণ, সাক্ষীদের যথাসময়ে আদালতে উপস্থাপন, আসামিকে জেল হেফাজত থেকে যথাসময়ে আদালতে উপস্থাপন, আদালত প্রাঙ্গণ, বিচারক ও সাক্ষীদের নিরাপত্তা, প্রত্যেক কোর্টের মামলা ও মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা, প্রত্যেক কোর্টের পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিমউল্লাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হকসহ আইনজীবী সমিতি, সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন তথ্য প্রকাশ করে বলেন, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত হবিগঞ্জ জেলায় দেওয়ানী ও ফৌজদারি মিলিয়ে মোট ৭৪ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন ছিল। ওই একবছরে দেওয়ানী ও ফৌজদারি মিলিয়ে মোট ২৬ হাজার ৯৯৫টি মামলা নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি শেষে বর্তমানে হবিগঞ্জ জেলা জজশিপে দেওয়ানি ও ফৌজদারিসহ মোট ৪৮ হাজার ৬৬টি মামলা বিচারাধীন আছে।