জাঁকজমকভাবেই বিয়ে সম্পন্ন মোনালিসার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:২২
বেশ জাঁকজমকভাবে সম্পন্ন হলো মোনালিসার বিয়ে। পূর্ব ঘোষণানুযায়ী গত ১২.১২.১২ তারিখে ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাইয়াজ শরীফ ফাসবিরের সঙ্গে। মূলত তাদের আকদ সম্পন্ন হয় ১১ ডিসেম্বর। আর ১২.১২.১২ তারিখটি সংখ্যাগত দিক দিয়ে খুব আকর্ষণীয় হওয়ায় আনুষ্ঠানিকতাটি এই তারিখেই রাখা হয়। সেদিন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর্মি গলফ ক্লাবস্থ পাম ভিউ রেস্টুরেন্টে। মোনালিসার আত্মীয়-স্বজন, বন্ধুব-বান্ধব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিয়েতে। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত, অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী মৌ, কণ্ঠশিল্পী কণা, চিত্রনায়ক ইমনসহ আরও অনেকে। রাত প্রায় ১২টা পর্যন্ত চলে বিয়ের এই আনুষ্ঠানিকতা। মোনালিসা বলেন, ‘আল্লাহর রহমতে আর সবার দোয়ায় বিয়ের কাজটি খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। আমার আশপাশের আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেখে খুবই ভালো লাগছে। সবার দোয়া নিয়ে ভবিষ্যতে সুন্দর ও সুখী জীবন কাটাতে চাই।’ উল্লেখ্য, গত ১৭ জুন মোনালিসা ও ফাসবিরের বাগদান সম্পন্ন হয়।